
রোনাল্ডোর বাহুবন্ধনে ব্রুনো।
শেষ আপডেট: 26 June 2024 21:23
দ্য ওয়াল ব্যুরো: ইউরো কাপে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ব্যতিক্রমী ভূমিকা দেখা যাচ্ছে। তিনি নিজে না গোল করে বাকিদের দিয়ে গোল করাচ্ছেন। ইউরো কাপে রোনাল্ডোর ঝুলিতে গোলের দেখা নেই। সেই নিয়ে বিশেষজ্ঞরা নানা কথা বলছেন। কেউ লিখেছেন, রোনাল্ডোর কি এটা শেষের শুরু? কেউ বলছেন, রোনাল্ডোর কী হল, জাতীয় দলের হয়ে খেলার সময় কেন তিনি গোল খরাতে ভোগেন?
গত তুরস্ক ম্যাচে দেখা গিয়েছিল রোনাল্ডো গোলের মতো পজিশনে থেকেও সতীর্থ ব্রুনো ফার্নান্দেজের দিকে পাস বাড়াচ্ছেন। যেন ব্রুনো গোল করলেই তাঁর তৃপ্তি। এই নিয়ে পর্তুগিজ মিডিয়া অনেক খোঁজের পরে জেনেছে ব্রুনোর সঙ্গে রোনাল্ডোর বন্ধুত্বের অন্য রসায়ন। ব্রুনো অফ ফর্মে রয়েছেন, তিনি গোল না পেলে দল থেকে বাদ পড়তে পারেন। তার থেকেও বড় কথা, ব্রুনো তাঁর ছোট্ট কন্যা মাতেইদেকে কথা দিয়েছেন ইউরোয় পর্তুগালের হয়ে গোল করার পরে তাকে উৎসর্গ করবেন।
এমনিতে দেখা যায়, ব্রুনো গোল করেই মেয়ের মতো কান ঢেকে উৎসব করেন। সেটি এখনও পারেননি। ইউরোয় খেলতে আসার আগে মেয়েকে কথা দিয়েছেন গোল করবেনই। সেই কথা বন্ধু রোনাল্ডোকে বলতে তিনি চেষ্টা করছেন নিজে না গোল করে ব্রুনোকে দিয়ে করাতে।
রোনাল্ডোর এই বন্ধু প্রীতি এতটাই আলোচিত হচ্ছে যে, নিঃশব্দে সিআর সেভেন তাঁর বুটে ব্রুনোর মেয়ের নামও লিখে খেলছেন। বুধবার রাতের ম্যাচে জর্জিয়ার বিরুদ্ধেও সেই বুট পরেই খেলবেন সুপারস্টার।
ম্যাচের আগে জর্জিয়ার কোচ অবশ্য স্বপ্ন দেখছেন পর্তুগালকে হারানোর। জর্জিয়ার ফরাসি কোচ উইলি স্যাগনল বলেছেন, ‘‘জানি পর্তুগাল কঠিন প্রতিপক্ষ, তবে এও ঠিক, ওদের হারাতে পারলে জর্জিয়ার মানুষ সারা রাত জেগে উৎসব করবে।’’
ফিফা ক্রম তালিকায় জর্জিয়া ৭৪তম স্থানে। পর্তুগাল রয়েছে ষষ্ঠ স্থানে। ধারেভারে রোনাল্ডোরা অনেক এগিয়ে, কিন্তু অঘটন আজও ঘটে, সেই প্রবাদ ধরলে খেলায় যা কিছুই হতে পারে।