
Cristiano Ronaldo
শেষ আপডেট: 16 March 2024 18:28
দ্য ওয়াল ব্যুরো: বিশ্বের অলটাইম স্কোরার হিসেবে তাঁর নাম অনেকের আগে আসবে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সৌদি আরবের ক্লাব আল নাসেরের হয়ে গোলের হাফসেঞ্চুরি করলেন।
রোনাল্ডোর নতুন মাইলফলক স্পর্শ করার দিনে আল আহলির বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে আল নাসের। দলের একমাত্র গোলটি করেছেন পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী তারকা।
২০২২ সালের শেষের দিকে প্রিমিয়ার লিগের ক্লাব ম্যান ইউনাইটেড থেকে আল নাসেরে যোগ দেওয়ার পর মোট ৫৮ ম্যাচ খেলে ৫০ গোল করলেন পর্তুগিজ তারকা। সৌদি প্রো লিগ, এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ, কিংস কাপ ও আরব কাপ চ্যাম্পিয়ন্স লিগে খেলে এইগুলি করেছেন।
এদিকে, আন্তর্জাতিক ম্যাচে জয়ের নিরিখে রোনাল্ডো ছুঁয়ে ফেললেন লিওনেল মেসির ৮০০টি জয়ের রেকর্ডও। সারা কেরিয়ারে রোনাল্ডো ক্লাব ও দেশ মিলে মোট ৮০০টি ম্যাচে জিতলেন। এই নজির কেবল মেসির রয়েছে।
আল আহলির বিপক্ষে ম্যাচের ৬৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে জয় এনে দেন সিআর সেভেন। আহলির বক্সের ভেতরে করা ফাউল ভিএআর চেক করে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
যদিও প্রথমার্ধেই গোলের দেখা পেয়েছিলেন রোনাল্ডো। তবে ভিএআর চেকে অফসাইড ধরা পড়ায় গোলটি বাতিল করে দেন রেফারি।
দারুণ জয়ে প্রো লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা আল হিলালের সঙ্গে পয়েন্ট ব্যবধানও কমিয়ে এনেছে আল নাসের। ২৩ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে আল হিলাল। এক ম্যাচ বেশি খেলে ৫৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রোনাল্ডোর ক্লাব দলটি।