
শেষ আপডেট: 17 October 2023 12:04
দ্য ওয়াল ব্যুরো: ফের জোড়া গোল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। দু'দিনের ব্যবধানে এমন কীর্তি গড়লেন পর্তুগিজ তারকা। শনিবার রাতে বসনিয়া ও হার্জগোভিনা বিপক্ষে ৫ গোলে জিতেছে পর্তুগাল।
ইউরো কাপের বাছাইপর্বের ম্যাচে পর্তুগালের হয়ে জোড়া গোল করেছেন রোনাল্ডো। এর আগে স্লোভাকিয়ার বিরুদ্ধেও সিআর সেভেন দুর্দান্ত ফর্মে ছিলেন। বয়স যত বাড়ছে রোনাল্ডোর ক্ষিপ্ততা ততই ধারালো হচ্ছে।
পর্তুগাল রয়েছে গ্রুপ জে-তে। এখনও পর্যন্ত বিপক্ষের জালে ৩২টি বল জড়িয়েছে তারা। মাত্র দু'টি গোল হজম করেছে পর্তুগাল। গ্রুপ শীর্ষেই রয়েছেন রোনাল্ডোরা।
শনিবারের ম্যাচ ছিল একেবারেই একপেশে। প্রথম থেকেই পর্তুগিজ আক্রমণে দিশাহারা হয়ে পড়েন বসনিয়ার ফুটবলাররা। ম্যাচের প্রথম ৩ মিনিটের মাথাতেই পেনাল্টি পায় পর্তুগাল। সেখান থেকে প্রথম গোল করেন রোনাল্ডো। ম্যাচের ২০ মিনিটের মাথায় জোয়াও ফেলিক্সের বাড়ানো বলে ফের গোল করেন রোনাল্ডো। এছাড়াও শনিবারের ম্যাচে বাকি ৩ গোল করেছেন ব্রুনো ফার্নান্ডেজ, ফেলিক্স, ক্যানসেলো।
বুড়ো হাড়ে ভেল্কি দেখাচ্ছেন রোনাল্ডো। এখনও পর্যন্ত বাছাইপর্বের খেলায় ৯টি গোল করে ফেলেছেন পর্তুগিজ তারকা। তিনি যে এখনই থাকছেন না, তা আবারও স্পষ্ট করে দিলেন রোনাল্ডো। জাতীয় দলের জার্সিতে যেমন তিনি গোল করছেন, তেমনই আল নাসরের হয়েও দারুণ ছন্দে রয়েছেন সিআর সেভেন।