
শেষ আপডেট: 10 November 2023 16:05
দ্য ওয়াল ব্যুরো: বিশ্বকাপ শুরুর প্রথম থেকেই ক্রিকেটপ্রেমীদের মনে একটা প্রশ্নই জাগছে, ইংল্যান্ডের মতো দলের হলটা কী! জেতা তো দূরঅস্ত, বড় বড় ব্যবধানে ম্যাচ হেরেছেন জস বাটলাররা।
সেমিফাইনালে যাওয়ার আশা সেই কবেই শেষ হয়ে গেছে ইংল্যান্ডের। শনিবার ইডেনে নামার আগে তাদের মাথায় এখন একটাই চিন্তা, ২০২৩ সালের চ্যাম্পিয়ন ট্রফি খেলতে পারবে তো? বিশ্বকাপের চলাকালীনই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা আইসিসি জানিয়েছিল, আয়োজক দেশ ও বিশ্বকাপের গ্রুপ পর্বের পয়েন্ট টেবিলের প্রথম সাতটি দল খেলবে চ্যাম্পিয়ন ট্রফি।
সেই হিসেবে দেখতে গেলে, ইডেনের ম্যাচ জিতে চ্যাম্পিয়ন ট্রফি খেলার আশা পূরণ করাই লক্ষ্য বাটলারদের। আর বিপক্ষের পাকিস্তান দল আবার সেমিফাইনাল খেলার সুযোগের শেষ আশায় নামবে। যতই কঠিন হোক, তবুও সম্ভাবনা আছে তো!
ইংল্যান্ডের এমন অবস্থা কেন? ক্রিকেট বিশেষজ্ঞদের কথায়, অনিচ্ছুক ঘোড়াদের রেসে নামালে সে দৌড় তো হারতেই হবে! বেন স্টোকস, বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার। কিন্তু বিশ্বকাপের আগেই স্টোকস ঘোষণা করেছিলেন, একদিনের ক্রিকেট আর খেলবেন না তিনি। শুধুই টেস্ট খেলায় মনোনিবেশ করবেন! কিন্তু সেটা হল কই, বিশ্বকাপে তাঁকেই স্কোয়াডে রাখল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড।
বিশ্বকাপ খেলার জন্য স্টোকসের একটি শর্ত ছিল। স্টোকস জাতীয় দলের অধিনায়ক ও বোর্ডকে শর্ত দিয়েছিলেন, তিনি বল করবেন না বিশ্বকাপে। একমাত্র তাহলেই যেন তাঁর নাম বিবেচনা করা হয়। স্টোকসের শর্ত মেনে নিয়েছিল ও দেশের ক্রিকেট বোর্ড।
তবে চলতি বিশ্বকাপে একদমই ফর্মে নেই স্টোকস। ব্যাট হাতে রান পাননি তিনি। নেদারল্যান্ডসের বিরুদ্ধে সেঞ্চুরি করলেও গোটা টুর্নামেন্টে স্টোকসের পারফরম্যান্স গড়পড়তা। গতবারের বিশ্বকাপজয়ী দলের এমন অবস্থা দেখে অনেকেই অবাক।
ক্রিকেট বিশেষজ্ঞরা প্রশ্ন তুলছেন, ইংল্যান্ড ক্রিকেট বোর্ড কি আগে বুঝতে পারেনি? ব্রেন স্টোকস, জস বাটলারদের মতো ক্রিকেটারদের দিয়ে বিশ্বকাপ অভিযান যে কঠিন হবে, তা বিশ্বের অন্যতম সেরা ক্রিকেট বোর্ডের বোঝা উচিত ছিল। আর ইয়ন মর্গানের মতো ক্রিকেটার, যিনি দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, সেই কিংবদন্তি এখন কমেন্ট্রি বক্সে।
ইডেনের ম্যাচ ইংল্যান্ডের কাছে সম্মানরক্ষার। বিশ্বকাপজয়ী দল চাইছে, শেষ ম্যাচ জিতে কিছুটা 'সম্মান' নিয়ে দেশে ফিরতে। সবকিছু ভুলে নতুন করে শুরু করতে। তাই বলাই যায়, ইডেনের ম্যাচ যতটা না ব্যাটে বলে হবে, তার থেকেও অনেক বেশি হবে স্নায়ুর।