দ্য ওয়াল ব্যুরো : আসন্ন অস্ট্রেলিয়া সফরের জন্য ভারতীয় দল বাছাই নিয়ে সমানে বিতর্ক চলছে। এমনিতেই দলে নেই রোহিত শর্মা, ঈশান্ত শর্মার মতো সিনিয়ররা। বাদ পড়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্থ। দলে বেশকিছু নবাগত মুখ স্থান করে নিয়েছে।
তার মধ্যে সমালোচনা শুরু হয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের ক্রিকেটার সূর্যকুমার যাদবকে ভারতীয় দলে না ডাকা নিয়ে। এই নিয়ে দেশের প্রাক্তনদের একটা অংশ বিষোদগার শুরু করেছে বর্তমান নির্বাচকদের নিয়ে। সেই তালিকায় আগেই ছিলেন হরভজন সিং, মনোজ তিওয়ারিরা। এবার সেই তালিকায় সংযোজন হলেন দিলীপ বেঙ্গসরকার।
ভারতের নামী এই মহাপ্রাক্তন রীতিমতো ক্ষোভ উগরে দিয়েছেন সূর্যকুমারকে উপেক্ষা করায়। তিনি সর্বভারতীয় এক ইংরাজি দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘‘আমার বেশ অবাক লাগছে যে ক্রিকেটারটি চলতি আইপিএলে ধারাবাহিকভাবে ভাল পারফরম্যান্স করে যাচ্ছে। এমনকি ঘরোয়া ক্রিকেটেও সমানভাবে সফল। সেই ক্রিকেটারকে জাতীয় দলে না রাখার কী মানে থাকতে পারে, আমাদের জানানো উচিত। আমি জানি না বর্তমান ভারতীয় দলে স্থান পেতে গেলে কী দরকার, কী তার মাপকাঠি?’’
ভারতীয় ক্রিকেটের কর্ণেল তথা এই নামী তারকা আরও বলেছেন, ‘‘আমি তো বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছে এই বিষয়ে তদন্ত দাবি করছি। কারণ যে কোনও ক্রিকেটারের ভাল সময় হল ২৬ বছর থেকে ৩৪ বছর, এই সময়ের মধ্যে সে ভাল খেললে তাকে জাতীয় দলে নেওয়া উচিত। এইসময় কোনও ক্রিকেটারকে নিলে ভাল, না হলে সে ফুরিয়ে যায়।’’
এখানেই না থেমে বেঙ্গসরকার আরও বলেছেন, ‘‘নির্বাচকরা যুক্তি দেখিয়েছে সূর্যকুমারকে না নেওয়ার পিছনে ফর্ম ও ফিটনেস কারণ নয়, তবে কী কারণ সেটি ব্যাখ্যা করলে ভাল হয়। আমি বরং বোর্ড সভাপতিকে প্রশ্ন করতে চাই, কেন কী কারণে উপেক্ষা করা হল সূর্যকে, যদি জানান!’’
কর্ণেলের যুক্তি, যে সফরে রোহিত যাচ্ছে না, তাঁর বদলে ভাল একজন মিডলঅর্ডার ব্যাটসম্যান বলতে সূর্যকুমার ছিলেন, তারপরেও তাঁকে না নেওয়া, এটা নিয়ে তদন্ত হওয়া উচিত। বেঙ্গসরকারের মতোই হরভজন সিং-ও টুইট করেছেন, ‘‘সূর্যকুমারকে না নেওয়া চরম অন্যায়, এটা উচিত হয়নি।’’ এমনকি বাংলার নামী তারকা মনোজ তিওয়ারিও আক্রমণ করেছেন নির্বাচকদের। ‘‘আমাদের দেশে যোগ্যদের বাদ দিয়ে কী করে দল সাজাতে হয়, তা আমাদের নির্বাচকদের দেখে শেখা উচিত। আমাকেও একইভাবে একসময় বাদ দিয়েছে, এবার সূর্যকেও ছাড়ল না।’’