
শেষ আপডেট: 29 December 2023 19:40
দ্য ওয়াল ব্যুরো: বধর্মানের অম্বিকা কালনা পূর্ব সাতগাছিয়া উচ্চ বিদ্যালয়ের ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে আগামী ১২ জানুয়ারি আসছেন ওয়েস্ট ইন্ডিজের বিশ্বজয়ী প্রাক্তন তারকা ক্লাইভ লয়েড। সেদিনই স্বামী বিবেকানন্দের জন্মদিন। সেই দিনটিকে স্মরণীয় করে রাখবেন ক্যারিবিয়ান কিংবদন্তি।
ওই গ্রামের সংহতি ক্লাবের টুর্নামেন্টেও বিশেষ অতিথি থাকবেন লয়েড। যিনি ওয়েস্ট ইন্ডিজকে দিনের পর দিন সমৃদ্ধ করে এসেছেন একটা সময়। ৮০ বছরের তারকা ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১৯৭৫ ও ১৯৭৯ সালে বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক ছিলেন। পরপর দু’বার বিশ্বসেরা হয়েও ১৯৮৩ সালে কপিলের ভারতের কাছে লর্ডসের মাঠে ফাইনালে হারকে এখনও জীবনের দুঃস্বপ্ন মনে রাখেন। সেইসময় ভারত নয়, সবাই ভেবেছিলেন ক্যারিবীয় দল খেতাব জিতে বিশ্বসেরার হ্যাটট্রিক গড়বেন।
লয়েডের সমসাময়িক বহু ক্রিকেটার এখন ঘরবন্দি, কেউ প্রয়াত হয়েছেন। সেই বয়সেও তিনি ২৩ ঘণ্টা বিমানযাত্রা করে কলকাতায় আসবেন। লয়েডের ইচ্ছে রয়েছে ইডেন গার্ডেন্স যাওয়া। এই মাঠে বহু স্মরণীয় ম্যাচ জিতেছেন। তাঁকে কলকাতার মাঠে দেখা গিয়েছে ম্যাচ রেফারি হিসেবেও। লয়েড ম্যাচ রেফারি থাকাকালীন একবার সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে বিতর্ক হয়েছিল। বিচারকের ভূমিকায় ছিলেন এই ক্যারিবিয়ান।
সংহতি ক্লাবের প্রেসিডেন্ট ও সাতগাছিয়া হাইস্কুলের ৭৫ বছর উদযাপন কমিটির চিফ পেট্রন সুরজিৎ বক্সি সম্প্রতি একটি সাংবাদিক বৈঠকে বলেন, আমাদের গ্রামে অতীতে মহম্মদ আজহারউদ্দিন, সন্দীপ পাতিলদের মতো তারকারা এসেছেন। এবার আমাদের গ্রামের পা রাখছেন আরও বড় কিংবদন্তি। সত্যিই এটা আমাদের গ্রামের মানুষের কাছে পরম প্রাপ্তি।
কালনার এই ক্লাবের পক্ষ থেকে মাসব্যাপী নানা কর্মকাণ্ড নেওয়া হয়েছে। তার মধ্যেই লয়েডের সূচিতে গ্রামবাসীদের মধ্যেও উন্মাদনা তৈরি হয়েছে। লয়েড কলকাতায় আসছেন প্রায় একযুগ বাদে।