
উচ্ছ্বাস কলম্বিয়ার ফুটবলারদের
শেষ আপডেট: 11 July 2024 12:59
দ্য ওয়াল ব্যুরো: হট ফেভারিট হয়ে এবারে কোপা অভিযান শুরু করেছিল উরুগুয়ে। কিন্তু সেমিফাইনালে বিদায় হয়ে গেল তাঁদের। ১৫ বারের কোপাজয়ীদের ১-০ গোলে হারিয়ে দিল কলম্বিয়া। তাঁদের এই ম্যাচের লড়াই অনেকদিন মনে থাকবে কারণ প্রায় গোটা দ্বিতীয়ার্ধই তাঁরা খেলেছে ১০ জনে। তাও তাদের হারানো তো দূর, কোনও গোলই করতে পারেনি উরুগুয়ে।
ম্যাচের প্রথমার্ধের শেষের দিকে কর্নার থেকে গোল করে এগিয়ে যায় কলম্বিয়া। গোল করেন জেফারসেন লারমা। সেই একটিমাত্র গোলই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। দ্বিতীয়ার্ধ শুরুর এক মিনিটের মধ্যেই লাল কার্ড দেখেছিলেন কলম্বিয়ার ড্যানিয়েল মুনোজ। তাই বাকি ম্যাচটা ১০ জন নিয়েই খেলতে হয়েছিল কলম্বিয়াকে। কিন্তু তাতেও গোল করে উঠতে পারেনি উরুগুয়ে। এক কথায় বলা যায়, কোপার সেমিফাইনালে অঘটন ঘটিয়েছে কলম্বিয়া।
উরুগুয়ে শেষবার কোপা জিতেছিল ২০১১ সালে। এ বছর তাদের দেখে মনে হয়েছিল আবারও একবার ট্রফি পেতে পারে তাঁরা। অনেকে ভেবেই নিয়েছিলেন আর্জেন্টিনা-উরুগুয়ে জমজমাট ফাইনাল হবে। কিন্তু সব আশায় জল ঢেলে কার্যত ইতিহাস লিখেছে কলম্বিয়া। এর আগে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলকে হারিয়েছিল উরুগুয়ে। তবে তাঁদের বিজয়রথ থেমে গেল হলুদ জার্সিধারীদের কাছে।
এদিকে ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই কলম্বিয়া সমর্থকদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন উরুগুয়ের ফুটবলাররা। মাঠের ব্যারিকেড টপকে স্ট্যান্ডে উঠে গিয়ে বেশ কয়েকজন সমর্থকদের রীতিমতো মারতে তেড়ে যান তাঁরা। মুহূর্তের মধ্যে উত্তাল হয়ে ওঠে ব্যাঙ্ক অফ আমেরিকা স্টেডিয়াম।
Darwin Nunez was involved in a brawl with Colombia fans after Uruguay were knocked out of Copa America ???? pic.twitter.com/XvyqXhynLc
— Football Transfers (@Transfersdotcom) July 11, 2024
অভিযোগ, ম্যাচ শেষের পর উরুগুয়ের ফুটবলারদের কটুক্তি করছিলেন কলম্বিয়ার সমর্থকরা। সেই সময়ই স্ট্যান্ডে উঠে যান উরুগুয়ের ফুটবলার ডারউইন নুনেজ। কয়েকজন কলম্বিয়ার সমর্থকদের সঙ্গে কার্যত বক্সিং করতে শুরু করেন তিনি। দেদার চলে কিল, ঘুষি, চড়। নুনেজের সঙ্গে গ্যালারিতে উঠে গেছিলেন আরও তিন উরুগুয়ের ফুটবলার। যদিও তারা কারও গায়ে হাত দেননি।