
মাইকেল ভন
শেষ আপডেট: 19 February 2025 16:57
দ্য ওয়াল ব্যুরো: প্রায় ৩০ বছর বাদে পাকিস্তানে আয়োজিত হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। টুর্নামেন্টের শেষবারের বিজয়ী দলও তারা (২০১৭)। নিরাপত্তার কারণ দর্শিয়ে ভারত খেলতে না চাওয়ার বিসিসিআইকে যোগ্য জবাব দিতে দেশজুড়ে ইতিমধ্যে নজরদারি আঁটসাঁট করা হয়েছে। ব্যানার, প্ল্যাকার্ড, ফেস্টুনে ছেয়ে গেছে করাচি থেকে লাহোর—তামাম বড় শহরের রাজপথ।
যদিও আজ, করাচির ন্যাশনাল স্টেডিয়ামে টুর্নামেন্টের প্রথম ম্যাচে ভরল না স্ট্যান্ড। যে উচ্ছ্বাস প্রত্যাশা করা গেছিল, তার সিকিভাগও পূরণ হল না। যা দেখে তাজ্জব ক্রিকেটমোদী দর্শক থেকে প্রাক্তন ক্রিকেটারদের বড় অংশ।
এই ইস্যুতে নিজের বিস্ময় আর হতাশা গোপন করে রাখেননি প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভনও। তিনি স্টেডিয়ামের ছন্নছাড়া দশা, দর্শকদের ব্যাপক অনুপস্থিতি দেখে নিজের এক্স-হ্যান্ডেলে লেখেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে আয়োজিত হতে দেখে খুব ভাল লাগছে। ১৯৯৬ সালের পর প্রথমবার গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের আসর বসেছে। অথচ লোক নেই। উদ্যোক্তারা কি স্থানীয়দের ডাকতে ভুলে গেছেন? দর্শক কই?’
Great to see the champions trophy being played in Pakistan .. First major event since 1996 .. Have they forgotten to tell the locals it’s on .. Where is the crowd ?? #ChampionsTrophy2025
— Michael Vaughan (@MichaelVaughan) February 19, 2025
১৯৯৬ সালে ভারত ও শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে ক্রিকেট বিশ্বকাপের আয়োজন করে পাকিস্তান। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ২০১৭ সালে জয়লাভ করে তারা। হারায় বিরাট, রোহিতদের টিম ইন্ডিয়াকে। ২৩ তারিখ দুই দেশ ফের মুখোমুখি হবে। তবে করাচি বা লাহোর নয়। খেলা হবে দুবাইয়ের ময়দানে।