
ছবিটি প্রতীকী
শেষ আপডেট: 28 February 2025 23:34
দ্য ওয়াল ব্যুরো: বৃষ্টির কারণে ভেস্তে গেল ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির আরও একটি ম্যাচ। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে আফগানিস্তান বনাম অস্ট্রেলিয়া ম্যাচের আয়োজন করা হয়েছিল। কিন্তু, বৃষ্টির কারণে এই ম্যাচের ফলাফলও অমীমাংসিত রয়ে যায়। ইতিপূর্বে, দুটো ম্যাচ এই বৃষ্টির কারণেই বাতিল হয়ে গিয়েছিল।
এই ম্যাচটি বাতিল হয়ে যাওয়ার কারণে অস্ট্রেলিয়া সেমিফাইনালের টিকিট কনফার্ম করে ফেলেছে। দুটো দলকেই ১ পয়েন্ট করে দেওয়া হয়েছে। আপাতত আফগানিস্তান চরম অনিশ্চয়তার সামনে দাঁড়িয়ে রয়েছে। তারা আপাতত ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার দিকে তাকিয়ে রয়েছে।
নির্ধারিত ৫০ ওভারে আফগানিস্তান ২৭৩ রান করেছিল। আফগান ব্রিগেডের হয়ে সেদিকুল্লাহ অটল সর্বাধিক রান করেন। তাঁর ব্যাট থেকে ৯৫ বলে ৮৫ রান বেরিয়ে আসে। এছাড়াও আজমতউল্লাহ ওমরজাই ৬৭ রান করেছেন। তিনি একটি বাউন্ডারি এবং পাঁচটি ছক্কা হাঁকিয়েছেন। অস্ট্রেলিয়ার হয়ে সর্বাধিক উইকেট শিকার করেন বেন ডোয়ারসুইস। তিনি ৯ ওভারে ৪৭ রান দিয়ে তিনটে উইকেট শিকার করেছেন। এছাড়া জনসন এবং জাম্পা দুটো করে উইকেট শিকার করেন। এছাড়া এলিস এবং ম্যাক্সওয়েল শিকার করেন একটি করে উইকেট।
জয়ের জন্য ২৭৪ রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়াও শুরুটা বেশ ভাল করেছিল। ম্যাথু শর্ট এবং ট্রাভিস হেডের মধ্যে ৪.৩ ওভারে ৪৪ রানের পার্টনাশিপ গড়ে ওঠে। শর্ট ২০ রান করে আউট হয়ে যান। এরপর হেড এবং স্মিথ অস্ট্রেলিয়ার হাল ধরেন। দুজনে মিলে অর্ধশতরানের পার্টনারশিপ গড়ে তোলেন। ইতিমধ্যে হেড নিজের ফিফটি পূরণ করেন। এরপর শুরু হয় বৃষ্টি। কিছুক্ষণ পর বৃষ্টি থামলেও ম্যাচ আর শুরু করা সম্ভব হয়নি। ম্যাচ স্থগিত হওয়ার সময় হেড ৫৯ রানে এবং স্মিথ ১৯ রানে ব্যাট করছিলেন।