
উয়েফা চ্যাম্পিয়নস লিগ
শেষ আপডেট: 16 April 2025 10:31
দ্য ওয়াল ব্যুরো: বার্সেলোনা (Barcelona), পিএসজি (PSG)—ইউরোপীয় ফুটবলের দুই হেভিওয়েট দল কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে নিজেদের প্রতিপক্ষকে উড়িয়ে দিয়েছিল। ডর্টুমন্ডকে (Dortmund) ন্যু ক্যাম্পে ৪-০ গোলে বিধ্বস্ত করেছিল হান্সি ফ্লিকের বাহিনী। পিএসজির হাতে ৩-১-এ নাস্তানাবুদ হয় অ্যাস্টন ভিলা (Aston Villa)।
দ্বিতীয় লিগে এই ঘাটতি পূরণের পর জার্মানি ও ইংল্যান্ডের দুই ক্লাব প্রত্যাবর্তন করবে এমনটা কারও ধারণায় ছিল না। অথচ হতে হতেও স্বপ্নের কামব্যাক অধরা রয়ে গেল ডর্টমুন্ড, ভিলার। দু'দলই জিতল। কিন্তু কাঙ্ক্ষিত ব্যবধানে নয়। ইদুনা পার্কে দুরন্ত খেলে বার্সেলোনাকে ৩-১ স্কোরলাইনে হারালেও দুই লেগ ৫-৩ ব্যবধানে জেতার সুবাদে সেমিতে উঠল বার্সেলোনা। অন্যদিকে পিএসজিকে ৩-২ গোলে পরাজিত করল উনাই এমরের অ্যাস্টন ভিলা। কিন্তু ঘরে-বাইরের হিসেবে ৫-৪-এ এগিয়ে থেকে শেষ চারের টিকিট পাকা করল লুই এনরিকের পিএসজি।
জার্মানির রণাঙ্গনে বিধ্বংসী ফর্মে ছিলেন ডর্টমুন্ড স্ট্রাইকার সেরু গুইরাসি। মাত্র ১১ মিনিটের মাথায় দলকে এগিয়েও দেন তিনি। তারপর দ্বিতীয়ার্ধের গোড়ায় আরেকটি গোল করে ব্যবধান বাড়ান৷ যখন মনে হচ্ছে, চ্যাম্পিয়নস লিগে ঐতিহাসিক কামব্যাক করতে চলেছে জার্মানির ক্লাব, তখনই ছন্দপতন৷ আত্মঘাতী গোল করে দলকে চাপে ফেলে দেন রামি বেনসেবাইনি। কিন্তু তাতেও গুইরাসি হাল ছাড়েননি। ৭৬ মিনিটে তিন নম্বর গোল করেন তিনি। অতিরিক্ত সময়ে লড়াইকে ঠেলে নিয়ে যেতে হলে আরও দুটি গোলের প্রয়োজন ছিল। কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। রক্ষণাত্মক মেজাজে শেষার্ধ কোনওমতে কাটিয়ে দেয় বার্সেলোনা। আপাতত চ্যাম্পিয়নস লিগের সেমিতে উঠল তারা। এ ছাড়া কোপা দেল রে-র ফাইনালেও চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে খেলতে নামবেন রাফিনহারা। পাশাপাশি বার্সেলোনা এগিয়ে রয়েছে লা লিগা জেতার লড়াইয়েও। সবমিলিয়ে প্রথম মরশুমকে সবদিক দিয়ে স্মরণীয় করে তুলতে পারেন হান্সি ফ্লিক।
অন্যদিকে গতকাল রাতের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় অ্যাস্টন ভিলা-পিএসজি৷ বিরতির আগেই লড়াই খতমের মানসিকতা নিয়ে মাঠে নামে লুই এনরিকের টিম। দুই উইং থেকে লাগাতার আক্রমণ শানান দুই ফুলব্যাক হাকিমি ও নুনো মেন্ডেস। গোলও করেন তাঁরা। দু'গোলের ব্যবধানে এগিয়ে যায় পিএসজি। কিন্তু ৩৪ মিনিটের মাথায় ব্যবধান কমান ভিলার বেলজিয়ান মিডফিল্ডার ইউরি টিলাম্যানস। তারপর পঞ্চাশ থেকে ষাট মিনিটের মধ্যে পরপর দু'গোল দেন স্কটিশ ফুটবলার জন ম্যাকগিন ও এজরি কনসা। তখন ৩-২ ব্যবধানে এগিয়ে অ্যাস্টন ভিলা। অন্তত আর একটি গোল দিলেই ম্যাচ অতিরিক্ত সময়ে টেনে নিয়ে যাওয়ার সুযোগ ছিল৷ কিন্তু সেই সময়ই নায়ক হয়ে ওঠেন পিএসজির গোলরক্ষক জিয়ানলুইজি ডোনারুমা। ভিলার একের পর এক জোরালো আক্রমণ একা হাতে প্রতিহত করেন ইতালির দীর্ঘদেহী গোলকিপার। ম্যাচও সেভাবেই শেষ হয়৷
সেমিতে পিএসজির সামনে পড়তে চলেছে রিয়াল মাদ্রিদ-আর্সেনাল ম্যাচের বিজয়ী দল৷ অন্যদিকে বায়ার্ন মিউনিখ বনাম ইন্টার মিলান দ্বৈরথ জিতবে যারা, তারা প্রথম সেমিফাইনালে বার্সেলোনার মুখোমুখি হবে। এই সমস্ত ভাগ্যনির্ধারণ হবে আজ, শেষ আটের অন্তিম দুই ম্যাচের পর।