
আর্সেনাল বনাম পিএসজি
শেষ আপডেট: 30 April 2025 10:45
দ্য ওয়াল ব্যুরো: গত বছর অক্টোবর মাসে যখন দুটো ক্লাব (PSG vs Arsenal) গ্রুপ স্টেজে মুখোমুখি হয়, তখন লড়াইটা ছিল একতরফা। আর্সেনালে (Arsenal) হেসেখেলে পরাস্ত করেছিল প্যারিস সাঁ জাঁরমা-কে (PSG)।
সেই পরাজয়ের মধুর প্রতিশোধ নিল লুইস এনরিকের টিম৷ আর সেটাও এমন পর্যায়ে, যখন একটা গোলেই স্বপ্নের জন্ম ও মৃত্যু নির্ধারিত হতে পারে। চ্যাম্পিয়নস লিগ (UEFA Champions League)—না পিএসজি (PSG), না আর্সেনাল (Arsenal)—ফ্রান্স ও ইংল্যান্ডের দুই বনেদি ক্লাবের কেউই এই খেতাব ক্যাবিনেটে তোলেনি। চলতি মরশুমের প্রথম সেমিফাইনাল তাই দুটি দলের কাছেই ছিল চিরআকাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে আরও এক কদম এগিয়ে যাওয়ার লড়াই। ফার্স্ট লেগে আর্সেনালকে তাদের পাড়ায় হারিয়ে পিএসজি বুঝিয়ে দিল, তাদের খিদে কতটা বেশি। গতকাল লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে শেষ হাসি হাসলেন ডোনারুমারা। ১ গোলে জিতে সেকেন্ড লেগের আগে শুধু ব্যবধান নয়, আত্মবিশ্বাসও কয়েক গুণ বাড়িয়ে রাখলেন তাঁরা।
গ্রুপ স্তরের লড়াইয়ে যখন আর্সেনাল জয়লাভ করে, সেই ম্যাচে সুস্থ থাকলেও মাঠে নামেননি উসমান ডেম্বেলে। কোচকে চটানোর মাশুল গুনতে হয়েছিল। সেই বিতর্ক, মন কষাকষির পর্ব এখন অতীত। নেইমার, এমবাপে দল ছাড়ার পর ডেম্বেলেই এখন পিএসজির পোস্টার বয়! এই তকমা কতটা ন্যায্য তার প্রমাণ দিলেন প্রথমার্ধের চতুর্থ মিনিটে। জুরিয়ান টিম্বারকে ড্রিবলিংয়ে নাকানিচোবানি খাইয়ে দ্রুতগতির উইঙ্গার খাভিচা কাভারৎস্কেলিয়া পাস বাড়ান ডেম্বেলের উদ্দেশে। মাঝমাঠ চিড়ে দৌড় দিয়ে উপরে উঠে আসা মিডফিল্ডার তখন কার্যত আনমার্কড। সতীর্থের দেওয়া ফাইনাল পাস গোলে ঠেলতে এতটুকু ভুল করেননি ফ্রান্সের বিতর্কিত মিডফিল্ডার ডেম্বেলে।
???? OUSMANE DEMBELE SCORES FOR PSG VS ARSENAL IN 4 MINUTES ????????pic.twitter.com/vTwMBmAY0v
— KinG £ (@xKGx__) April 29, 2025
শুরুতেই এভাবে পিছিয়ে পড়ে কেন্নোর মতো গুটিয়ে যায় আর্সেনাল। যেটা চলতি সিজনে একেবারেই দেখা যায়নি। প্রতি আক্রমণ না করে ডিফেন্স করে চলে গানার্সরা। যার ফায়দা নেয় পিএসজির মাঝমাঠ। ম্যাচ রীতিমতো নিজেদের নিয়ন্ত্রণে তুলে নেন ভিটিনহা, ডেম্বেলে, ডোয়ুরা। বাম প্রান্ত ধরে বারবার ঝড় তোলেন কাভারৎস্কেলিয়া।
ফার্স্ট হাফের দশ মিনিটের ছোট পর্বে ম্যাচে ফেরার চেষ্টা করেছিল আর্সেনাল। অনুঘটক সেই বুকায়ো সাকা। কিন্তু ইংল্যান্ডের তরুণ উইঙ্গারের একার পক্ষে পিএসজির দুর্ভেদ্য রক্ষণে চিড় ধরানো সম্ভব ছিল না। রিয়াল বধের নায়ক ডেকলান রাইস ভাল খেললেও লড়াই থেকে স্রেফ উবে যান অধিনায়ক ওডেগার্ড। মার্টিনেলি এবং ট্রসার্ডের শট দুর্দান্তভাবে সেভ করে পিএসজির আত্মবিশ্বাস দ্বিগুণ করেন ইতালীয় গোলরক্ষক ডোনারুমা। মিকেল মেরিনো গোল করলেও সেটা অফসাইডের জন্য বাতিল হয়। ব্যাস, আর্সেনালের সুযোগ বলতে এটুকুই। বাকি সমস্তটা জুড়ে শুধুই পিএসজি। নায়ক ডেম্বেলে। চাণক্য এনরিকে।
তারকাপুজোর ফর্মুলা থেকে বেরিয়ে পছন্দসই খেলোয়াড়দের বেছে এ বছর দল সাজিয়েছেন বার্সেলোনার প্রাক্তন ম্যানেজার, পেপ গোয়ার্দিওলার একদা ডেপুটি এনরিকে৷ নায়ক বন্দনা ছেড়ে এবার গোষ্ঠীবদ্ধ, সংঘবদ্ধ দল হিসেবে মাঠে নামছে পিএসজি৷ নেইমার, মেসি, এমবাপেদের টিম নয়, এককাট্টা ‘দল’ হিসেবেই ভয়ংকর লাগছে তাদের।
আর্সেনালে সেই ভয়ের আঁচ পেল। দ্বিতীয় লেগে উলটপুরাণ হবে কি? বিশেষজ্ঞদের মতে, সম্ভাবনা কম। কিন্তু ফুটবল মাঠের নব্বই মিনিটে রাজা ফকির, ফকির রাজা বনে যেতে পারে। মিকেল আর্টেটা আগামী এক সপ্তাহ ধরে মমনেপ্রাণে দ্বিতীয় সম্ভাবনার কথাই চিন্তা করে চলবেন।