
শেষ আপডেট: 16 April 2024 21:37
দ্য ওয়াল ব্যুরো: গৌতম গম্ভীরের মাস্টারস্ট্রোকে একের পর এক ম্যাচে বাজিমাত সুনীল নারিনের। টানা পাঁচ ম্যাচে দলের হয়ে ওপেন করে রীতিমতো সফল। দুটি ম্যাচে দু’অঙ্কের রানে না পৌঁছালেও তিনটি ম্যাচে সাইক্লোন মার্কা ইনিংস খেলেছেন।
মঙ্গলবার ইডেনে নারিনের সেঞ্চুরি ইনিংস দেখার পরে বিশেষজ্ঞরা ভাবতেই পারেন, কোথায় শেষ করবেন এই ক্যারিবিয়ান। ৪৯ বলে ১০০ রান পূর্ণ করলেন কেকেআরের এই বিধ্বংসী ওপেনার। যিনি ক্রিজে এসেই নিখুঁত শটে বল বাইরে পাঠাতেই ভালবাসেন।
ম্যাচের প্রথম তিন ওভারে ১৫ রান ওঠার পরে মনে হয়েছিল, কলকাতা বুঝি একটু স্থিতধী শুরু করেছে। কিন্তু কোথায় কী। ছয় ওভারের পাওয়ার প্লেতে ৫৬ রান তোলে নাইটরা। আচমকা রানের গতি বাড়িয়ে দিয়েছিল শাহরুখ খানের দল। কলকাতা শেষ করল ২২৩ রানে, ছয় উইকেটের বিনিময়ে।
KKR’s lucky charm has arrived at Eden ???? pic.twitter.com/kCvv5TZI9a
— KolkataKnightRiders (@KKRiders) April 16, 2024
নারিন শেষমেশ আউট হন ১০৯ রানের মাথায় বোল্টের বলে বোল্ড হয়ে। তিনি এই রান করেছেন ৫৬ বলে, যারমধ্যে রয়েছে ১৩টি চার ও পাঁচটি ছয়। পাশাপাশি কেকেআরের হয়ে বড় রান আর তেমন কেউ পাননি। অন্য ওপেনার ফিল সল্ট (১০) রানে ফিরে যাওয়ার পরে অঙ্ককৃষ রঘুবংশী ১৮ বলে ৩০ রান করে আউট হন। ইনিংসে রয়েছে পাঁচটি বাউন্ডারি।
কলকাতার হয়ে একটা দিক ধরে রেখেছিলেন নারিন। না হলে বাকিরা সেইভাবে মারমুখী হলে রানের পাহাড় হয়ে যেত। শ্রেয়স আইয়ার ১১ রানে ফেরেন চাহালের স্পিনে। আন্দ্রে রাসেল ১৩ রান করেন। তাঁকে আউট করেছেন আবেশ খান। রিঙ্কুকেও এদিন অনেকটাই নিস্প্রভ দেখিয়েছে। এমনকী ভেঙ্কটেশ আইয়ারও রান পাননি।