
শেষ আপডেট: 20 February 2024 12:38
দ্য ওয়াল ব্যুরো: বড় চোটের কারণে দীর্ঘ ৪ মাস মাঠের বাইরে থাকার পর অবশেষে অনুশীলনে ফিরলেন নেমার জুনিয়র। নিজের ক্লাব আল হিলালে যোগ দিয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার।
অনুশীলনে ফিরে নিজের সতীর্থদের সঙ্গে কুশল বিনিময় করছিলেন নেমার। এমন সময় তাঁর বেশকিছু ছবি তোলা হয় এবং সেগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েও দেওয়া হয়েছে।
ছবিতে নেমারকে কিছুটা স্থুলকায় মনে হয়েছে ফ্যানদের। ক্যামেরা অ্যাঙ্গেলের কারণেই হয়তো এমনটি দেখা গেছে। নেমারের এই ছবি সমাজমাধ্যমে দেখে আল হিলাল ভক্তরা প্রতিক্রিয়াও জানান।
নেমারের বাড়তি ওজনের কারণে তাঁকে খোঁচাও দিয়েছেন সৌদি প্রো লিগ ক্লাবটির সমর্থকরা।
অন্য আরেকটি ক্যামেরাতে অবশ্য দেখা যায়, নেমারের ওজন ঠিকই আছে। সত্যি যদি তাঁর ওজন বেড়েই থাকে, তবু স্বাভাবিক অবস্থায় ফিরতে নামী তারকাকে খুব বেশি ওজন কমাতে হবে না।
ফুটবল কেরিয়ারের বড় একটি সময় ইনজুরিতেই কেটেছে নেমারের। ব্রাজিলিয়ান এই ফুটবলার অনেকটা ঝুঁকি নিয়েই খেলেন মাঠে। প্রায় সময়েই প্রতিপক্ষের রক্ষণ ভাঙতে ড্রিবলিংকে কৌশল হিসেবে কাজে লাগাতে চান নেমার।
ড্রিবলিং করতে গিয়ে নেমার নিজেই পড়েন বিপদে। এই ঝুঁকিপূর্ণ কৌশলে খেলতে গিয়েই অনেকবার চোটের আওতায় পড়েছেন নেমার। তবে হয়তো আগামী দিনে বিষয়টি নিয়ে সতর্ক থাকবেন তিনি। অনুরাগীদের খোঁচার জবাবে নিজেকে আগের চেয়েও শক্তিশালী করেই হয়তো মাঠে ফিরবেন নেমার।