
শেষ আপডেট: 2 July 2018 15:52
খেলার শুরুটা ছিল অন্যরকম। প্রথম ২০ মিনিট দুই প্রান্ত ধরে একের পর এক আক্রমণ করে মেক্সিকো। কিছু সুযোগও তৈরি করে। কিন্তু কাজে লাগাতে পারেনি। এই সময় ছন্নছাড়া হয়ে পড়েছিল ব্রাজিল মাঝমাঠ। ২০ মিনিটের পর খেলায় ফেরে ব্রাজিল। নিজেদের মধ্যে বল ধরে ছোট ছোট পাসে উঠতে থাকে বিপক্ষ বক্সে। এর মধ্যেই ২৫ মিনিটের মাথায় নেমারের শট দারুন বাঁচান ওচোয়া। ৩২ মিনিটে জেসাসের শটে ফের সেভ ওচোয়ার। ফিরতি বলে কুটিনহোর শট গোললাইন সেভ করেন সালসেডো।
দ্বিতীয়ার্ধে গোল করার জন্য মরিয়া হয়ে ওঠে ব্রাজিল। শুরুতেই বক্সের বাইরে থেকে কুটিনহোর শট। পরিত্রাতা সেই ওচোয়া। ৫১ মিনিটে দেখা গেল 'ওয়ান্ডার কিডের' জাদু। বক্সের বাইরে বল ধরে ব্যাকহিলে সেই বল দিলেন উইলিয়ানকে। তারপর উইলিয়ানের মাপা ক্রস ট্যাপ করে জালে জড়িয়ে দিলেন নেমার। ব্রাজিল এগিয়ে গেল ১-০ গোলে। মেক্সিকো কিছু সুযোগ তৈরি করলেও ব্রাজিল বক্সে এসে সব খেই হারিয়ে ফেলে। থিয়াগো সিলভা, ফিলিপে লুইস দুরন্ত ফুটবল খেললেন। ব্রাজিলেরও বেশ কিছু আক্রমণ বাঁচান ওচোয়া। এই মেক্সিকান গোলকিপার না থাকলে ব্রাজিলের গোল সংখ্যা অনেক বেশি হত। ৮৮ মিনিটে কাউন্টার থেকে মেক্সিকো ডিফেন্সকে গতিতে হারিয়ে গোলের জন্য ওচোয়ার বাঁদিকে বল বাড়ান নেমার। কিন্তু ওচোয়ার পায়ে লেগে সেই বল বেরিয়ে যাওয়ার আগেই ফাঁকা জালে বল জড়িয়ে দেন পরিবর্ত হিসেবে নামা ফিরমিনহো। ব্রাজিল জেতে ২-০ গোলে।
এই জয়ের ফলে কোয়ার্টার ফাইনালে পা রাখল ব্রাজিল। সেখানে তাদের মুখোমুখি হবে বেলজিয়াম বনাম জাপান ম্যাচের জয়ী দল। তবে বলা যেতেই পারে এখনও পর্যন্ত ব্রাজিলের খেলা আশা যোগাচ্ছে সেলেকাওদের মনে।