
প্রতিবাদে গর্জে উঠলেন চট্টগ্রাম কিংসের তারকা পেসার বিনু ফার্নান্দো
শেষ আপডেট: 22 January 2025 14:52
দ্য ওয়াল ব্যুরো : বাংলাদেশ প্রিমিয়ার লিগকে কেন্দ্র করে আগেও অনেক বিতর্ক হয়েছে। রটেছে বদনামও। এটা নতুন কোনও বিষয় না। তবে এবার যা হল, তা অতীতের যাবতীয় রেকর্ড এক তুড়িতেই ভেঙে দিল। পারিশ্রমিক না পাওয়ার কারণে খেলতেই নামলেন না চট্টগ্রাম কিংসের তারকা ক্রিকেটার। কী হয়েছে ঘটনাটি, আসুন সবিস্তারে জেনে নেওয়া যাক।
অবাক হওয়ার কোনও কারণ নেই। ক্রিকেটারদের পারিশ্রমিক না দেওয়ার বদনাম আগেই জুটেছিল চট্টগ্রাম কিংসের কপালে। বারংবার এই একই ঘটনার কারণে ক্রিকেটারদের মধ্যেও একটা ক্ষোভ দানা বাঁধতে শুরু করেছিল। ইতিপূর্বে, মালিকপক্ষের কাছে বিষয়টা নিয়ে একাধিকবার আবেদন করা হলেও, বিষয়টা 'দেখছি-দেখব' বলে কাটিয়ে দেওয়া হয়েছে। কিন্তু, অবশেষে ধৈর্য্যের যাবতীয় বাঁধ ভেঙে গিয়েছে। আর সেকারণেই প্রতিবাদে গর্জে উঠেছেন শ্রীলঙ্কার ক্রিকেটার বিনুরা ফার্নান্দো। স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যে টাকা না পেলে তিনি খেলতে নামবেন না।
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, বুধবার (২২ জানুয়ারি) ঢাকা ক্যাপিটালসের বিরুদ্ধে খেলতে নেমেছে চট্টগ্রাম কিংস। এই ম্যাচটি জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে আয়োজন করা হয়েছে। এই ম্যাচ শুরুর আগে চট্টগ্রাম কিংস স্কোয়াডে বিনুর নাম দেখতে না পেয়ে অনেকেই অবাক হয়েছিলেন। এরপরই জানা যায় আসল সত্যিটা। সূত্রের খবর, পারিশ্রমিক না পাওয়ার কারণেই নাকি তিনি খেলতে নামেননি। শ্রীলঙ্কার এই পেস ব্যাটারি চট্টগ্রাম কিংসের হয়ে এখনও পর্যন্ত তিনটে ম্যাচ খেলেছেন।
তবে শুধুমাত্র চট্টগ্রাম কিংস একা নয়, এই একই অভিযোগ উঠেছিল দুর্বার রাজশাহীর বিরুদ্ধেও। বকেয়া পারিশ্রমিক না পাওয়ার কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে অভিযোগ করেছিলেন শ্রীলঙ্কার আরও এক ক্রিকেটার। নাম লাহিরু সারামাকুন। এরপর বিনুর কাণ্ড প্রকাশ্যে আসতেই বিপিএল টুর্নামেন্ট নিয়ে ক্রিকেট বিশ্বে রীতিমতো হাসাহাসি শুরু হয়ে গিয়েছে।
ক্রিকেট সমর্থকরা প্রশ্ন তুলতে শুরু করেছেন, কেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে বারংবার এই চূড়ান্ত অব্যবস্থাপনার ছবি দেখতে পাওয়া যাচ্ছে। এমনকী, এও শোনা যাচ্ছে যে টুর্নামেন্ট শুরুর আগে ফ্র্যাঞ্চাইজিগুলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে ব্যাঙ্ক গ্যারান্টি পর্যন্ত দেয়নি। নিয়ম বলছে, কোনও ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট শুরুর আগে নিয়মমাফিক পারিশ্রমিকের অর্ধেকটা খেলোয়াড়দের হাতে তুলে দেওয়া হয়। কিন্তু, এক্ষেত্রে অভিযোগ উঠছে যে টুর্নামেন্ট শেষের দিকে পা বাড়ালেও, অধিকাংশ ক্রিকেটারই ঠিকঠাক পারিশ্রমিক পাননি। আর সেকারণে অনুশীলন বয়কটের মতো ঘটনাও ঘটেছে।