দ্য ওয়াল ব্যুরো: আমেরিকার সঙ্গে ইরানের সম্পর্ক কতটা তিক্ত? এই প্রশ্নেরই কালো মেঘ মস্কোর আকাশে। টুর্নামেন্টের দ্বিতীয় দিনেই ইরানের ম্যাচ। প্রতিপক্ষ মরক্কো। কিন্তু সেই ম্যচের ২৪ ঘণ্টা আগে গভীর সংকটে ইরানের ফুটবলাররা। ফুটবলের মূল অস্ত্র বুটই নাকি নেই।
কিট স্পন্সর নাইকি জানিয়ে দিয়েছে তারা বুট দেবে না ইরান টিমকে। ইরানের উপর মার্কিন যুক্তরাষ্ট্র যে নিষেধাজ্ঞা জারি করেছে তার ফলেই এই জটিলতা বলে জানা গিয়েছে। নাইকি জানিয়েছে, ট্রাম্প সরকার ঘোষণা করেছে যদি কোনও বাণিজ্যিক সংস্থা ইরানকে সাহায্য করে তাহলে সেই সংস্থার জরিমানা হবে। হতে পারে জেলও। এরপরই নাইকির এই সিদ্ধান্ত।
এই ঘটনায় ব্যাপক ক্ষুব্ধ ইরান টিম ম্যানেজমেন্ট। কোচ কুইরেজও এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। প্রসঙ্গত, এই বিশ্বকাপের ৬০ শতাংশ দলের খেলোয়াড়দের পায়ে থাকবে নাইকির বুট। ইরানও ছিল সেই তালিকায়। কিন্তু শেষ মুহূর্তের এই সিদ্ধান্তে বেজায় বিপাকে এশিয়ার এই দল।
১৯১১ সালে কলকাতায় আইএফএ শীল্ডের ফাইনালে গোষ্ঠ পালদের মোহনবাগান টিম খালি পায়ে খেলে গোরাদের হারিয়েছিল। ১০৭ বছর পর তার পুনরাবৃত্তি নিশ্চই ববে না। কিন্তু কী হবে, রাতারাতি কোন সংস্থার বুট পাবে ইরান টিম সেটাই এখন বিলিয়ন ডলারের প্রশ্ন।