
শেষ আপডেট: 3 August 2018 16:29
শোভন চক্রবর্তী
তখন হাফ টাইম। অঝোর ধারার বৃষ্টিও তখন বিরতি নিয়েছে। গোটা গ্যালারিতে আলোচনা, খেলা হবে কি না তাই নিয়ে। আর ইস্টবেঙ্গলের মেম্বারশিপ গ্যালারির নীচের দিকে এক বছর ষাটের ভদ্রলোক সবাইকে জিজ্ঞেস করছেন, "দাদা কারা প্র্যাকটিস করছে?" এক তরুণ ইস্টবেঙ্গল সমর্থক উত্তর দিলেন সুরাবুদ্দিন আছে। সঙ্গে সঙ্গে বলে উঠলেন, "গত বার হ্যাট্রিক করেছিল...."
হাওড়া সালকিয়ার প্রদীপ দাস। চোখে দেখতে পান না। কিন্তু ইস্টবেঙ্গল অন্ত প্রাণ প্রদীপবাবু ঘরোয়া লিগের সব ম্যাচে ইস্টবেঙ্গলের খেলায় মাঠে আসেন। লাল-হলুদ গ্যালারির আওয়াজ শুনতে।
এ দিন টালিগঞ্জ ম্যাচের অনেকটা আগেই লেসলি ক্লডিয়াস সরণির সামনে পৌঁছে গিয়েছিলেন আওয়াজ শুনতে মাঠে যাওয়া এই ভদ্রলোক। কয়েক জন ইস্টবেঙ্গল সমর্থক তাঁকে পৌঁছে দেন মেম্বারশিপ গ্যালারির গেট অবধি। তার পরে স্বেচ্ছাসেবকরা পৌঁছে দেন গ্যালারিতে।
আইএফএ শিল্ডের মিনি ডার্বিতে মাথায় আঘাত পাওয়া অনির্বাণ হাসপাতাল থেকে বাড়ি ফেরার পরেের দিনই তার দিদি দীপশিখা বলেছিল প্রথম খেলায় মাঠে নিয়ে যাবে ওকে। কিন্তু অনির্বাণ এখনও সুস্থ না হওয়ায় এ দিন মাঠে আসতে পারেনি। মাঠে এসেছিলেন প্রদীপবাবু।
তিনি চোখে না দেখতে পেলেও ময়দান আবার দেখল এখানে আবেগটাই শেষ কথা। সব প্রজন্মের কাছে। তরুণ অনির্বাণ থেকে প্রৌঢ় প্রদীপবাবু।