
বাংলায় প্রথম ফুটবল কমেন্ট্রি করেছিলেন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র
শেষ আপডেট: 22 January 2025 13:46
দ্য ওয়াল ব্যুরো : ফুটবল খেলা বাঙালির রক্তে যেন হিমোগ্লোবিনের মতো মিশে রয়েছে। মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের ম্যাচ এই বাংলায় কার্যত আবেগের কাজ করে। আর কলকাতা ডার্বি ম্যাচে হয় সেই আবেগের বিস্ফোরণ। আজ নাহয় কর্পোরেটের মোড়কে মোহনবাগান সুপার জায়ান্ট, ইস্টবেঙ্গল এফসি এবং মহমেডান স্পোর্টিং ক্লাব ইন্ডিয়ান সুপার লিগ খেলছে। অর্থের আভিজাত্যে কোথাও যেন মুখ লুকোচ্ছে সেই পুরনো আবেগ।
কিন্তু, একটা সময় এই বাংলায় যখন টেলিভিশনের অতটাও প্রচলন ছিল না, সেই সময় রেডিওর স্পিকারেই কান পাততেন আপামর বাঙালি ফুটবল সমর্থক। প্রসঙ্গত, কলকাতা ময়দানে ফুটবল খেলার প্রথম বাংলার সরাসরি সম্প্রচারিত ধারাভাষ্যকার ছিলেন কিংবদন্তি বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র।
বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। এই নামটার সঙ্গেও বাঙালির এক অনির্বচনীয় আবেগ জড়িয়ে রয়েছে। প্রতি বছর মহালয়ার ভোরে তাঁর কণ্ঠস্বরে 'আশ্বিনের শারদ প্রাতে' না শুনলে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোই শুরু হয় না। কিন্তু, একবার তিনি ফুটবল খেলার কমেন্ট্রিও বাংলায় করেছিলেন। আর ধারাভাষ্য দিতে গিয়ে করে ফেলেছিলেন একটি মারাত্মক ভুল।
সম্প্রতি দাদাগিরি আনলিমিটেড অনুষ্ঠানের একটি ভিডিও ক্লিপিংস সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। সেখানেই অনুষ্ঠানের সঞ্চালক তথা ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় সেই অজানা কাহিনী শেয়ার করেছেন। সৌরভের কথায়, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র এবং রায়চাঁদ বড়াল রেডিওতে প্রথমবার বাংলায় এই ধারাভাষ্য দিয়েছিল।
তো, ফুটবল সম্পর্কে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের অতটাও জ্ঞান ছিল না। ১৯৩৪ সালে একটি ফুটবল ম্যাচের কমেন্ট্রি করতে গিয়ে তিনি বেজায় ফাঁপড়ে পড়েছিলেন। গোলকিপার যখন হাত দিয়ে বলটা ধরেছিল, সেইসময় তিনি রেডিওতে হ্যান্ডবল-হ্যান্ডবল বলে চিৎকার করে উঠেছিলেন। গোলরক্ষক যে হাত দিয়ে বল ধরতে পারে, সেই বিষয়টা ওঁর জানা ছিল না।
আসলে ওই ম্য়াচে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কমেন্ট্রি করার কোনও কথাই ছিল না। যাঁর ধারাভাষ্য দেওয়ার কথা ছিল, তিনি শেষমুহূর্তে উপস্থিত হতে পারেননি। সেকারণে ওই ফাঁকা জায়গা ভরাট করতে হয় বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রকে। যাইহোক, পরক্ষণেই তিনি নিজের ভুলটা শুধরে নেন। আর ম্য়াচও নিজের গতিতে এগিয়ে যায়।