
বাইচুং ভুটিয়া
শেষ আপডেট: 20 July 2024 22:25
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ফুটবল দলের নতুন কোচ হিসেবে নিয়োগ করা হয়েছে এফসি গোয়ার কোচ মানোলো মার্কুয়েসকে। কিন্তু তাঁর নিয়োগের কয়েক ঘণ্টার মধ্যেই ফেডারেশনের কমিটি থেকে পদত্যাগ করলেন প্রাক্তন ভারত অধিনায়ক বাইচুং ভুটিয়া। তিনি বড়সড় অভিযোগ তুলেছেন এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবের বিরুদ্ধে। বাইচুংয়ের দাবি, কোচ নিয়োগে তাঁদের পরামর্শই নেওয়া হয়নি।
ফুটবল দলের জন্য দীর্ঘদিন ধরে বিদেশি না দেশি কোচের ওপর ভরসা রাখবে ফেডারেশন, তা নিয়ে আলোচনা চলছে। তবে সবশেষে বিদেশি এবং আইএসএল জয়ী কোচকেই বেছে নেওয়া হয়েছে। কিন্তু বাইচুং বলছেন, কোচ নিয়োগের ক্ষেত্রে টেকনিক্যাল কমিটির কোনও পরামর্শই নেওয়া হয়নি। তাই এই কমিটি থেকে ইস্তফা দিয়েছেন তিনি।
ভারতের কোচ হওয়ার দৌড়ে অনেকেই ছিলেন। নাম উঠে এসেছিল মোহনবাগান সুপার জায়েন্টকে লিগ শিল্ড জেতানো আন্তোনিও লোপেজ হাবাসেরও। কিন্তু শেষমেশ মোনোলোতেই ভরসা রেখেছেন কল্যাণ চৌবেরা। এই প্রসঙ্গে বাইচুংয়ের অভিযোগ, এক কল্যাণের সিদ্ধান্তেই নাকি কোচ করা হয়েছে মানোলোকে। অন্য কমিটির পরামর্শ নেওয়ার প্রয়োজনই মনে করেননি তিনি। সেই প্রেক্ষিতে বাইচুংয়ের প্রশ্ন, এমন কমিটি রেখেই বা লাভ কীসের?
ইস্টবেঙ্গল, মোহনবাগানে দাপিয়ে খেলা দেশের অন্যতম সেরা ফুটবলার এর আগেও কল্যাণ চৌবের বিরুদ্ধে সরব হয়েছিলেন। এবার কার্যত একধাপ এগিয়ে গেলেন তিনি। বাইচুংয়ের সাফ কথা, পরামর্শ নিলে হয়তো এই কোচকেই তাঁরা চূড়ান্ত করতেন। কিন্তু কোচ সম্পর্কে জানানোই হয়নি তাঁদের। একই সঙ্গে, ফেডারেশনের এগজিকিউটিভ কমিটিতে পশ্চিমবঙ্গ থেকে কাউকে রাখা হয়নি কেন সেই নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
বাইচুং বলছেন, এই মরশুমে বাংলার তিন প্রধান দলই আইএসএল খেলবে। তাঁরা চেয়েছিলেন বাংলা থেকে কেউ এগজিকিউটিভ কমিটির একটি পদ খালি পদ রয়েছে তাতে বসুক। কিন্তু তাঁর অভিযোগ, কল্যাণ চৌবে নিজের পছন্দের লোক বসিয়েছেন সেই পদে।