
শেষ আপডেট: 18 November 2023 20:23
দ্য ওয়াল ব্যুরো: ভারতে নিষিদ্ধ যেকোনওরকমের জুয়া খেলা! তা বলে কি 'জুয়াড়ি'রা হাত-পা গুটিয়ে বসে থাকে? আড়ালে-আবডালে চলে জুয়া খেলা। পুলিশও জুয়া খেলা আটাকাতে অভিযান চালায়। অনেকেই ধরা পড়ে। কিন্তু তাতেও কি জুয়াড়িদের ঠেকানো সম্ভব হচ্ছে? রবিবার ক্রিকেট বিশ্বকাপ ফাইনালের আগে ফের আলোচনায় উঠে এল এই 'অবৈধ' খেলা!
বিভিন্ন অ্যাপের মাধ্যমেও পছন্দের টিম গড়ে বা পছন্দের দলকে সমর্থন করে অনেকে আজকাল লাভবান হচ্ছেন। আবার অফলাইনে পাড়ায় পাড়ায়, কিংবা কোনও ক্লাবের আনাচে-কানাচে বসে জুয়ার আসর। কেউ ৫০ টাকা, কেউ ১০০ কেউ আবার ৫০০... জুয়া খেলায় টাকার অঙ্ক কোথায় গিয়ে দাঁড়াবে তা ঠিক বলা যায় না। বড় ম্যাচ হলে তো কথাই নেই। দেদার চলে জুয়া খেলা। কেউ লাভবান হন, কেউ আবার এতে সর্বস্ব হারিয়ে বসেন। বেশ কিছু সংবাদমাধ্যামের প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিশ্বকাপের ফাইনাল ম্যাচের আগেও সক্রিয় বেটিং চক্র!
বিশ্বকাপ ফাইনালে ভারত মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়ার। ২০ বছর আগে, ২০০৩ সালে এই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনালে হেরে বিশ্বকাপ জয়ের স্বপ্নভঙ্গ হয়েছিল ভারতের। সেই হারের 'বদলা' কি নিতে পারবেন রোহিত শর্মারা? প্রশ্ন ঘুরছে সর্বত্র। সংবাদমাধ্যম সূত্রে খবর, বেটিং ট্রেন্ডের পাল্লায় ভারত এগিয়ে। সেখানে অস্ট্রেলিয়া আন্ডারডগ। ভারত ও অস্ট্রেলিয়ার বেটিং ট্রেন্ডের অনুপাত ২০:৩০। অর্থাৎ ভারতের ওপরই বেশি বাজি ধরা হয়েছে। অনুপাতের হিসেবে ভারত যদি যেতে তাহলে যিনি ভারতের ওপর ১ টাকা লাগিয়েছেন তিনি পাবেন ২০ টাকা। আর যদি অস্ট্রেলিয়া জেতে তবে যাঁরা অজিদের ওপর ১ টাকা লাগিয়েছেন তাঁরা পাবেন ৩০ টাকা!
ভারত চলতি বিশ্বকাপে যেমন খেলছে, তার ওপর ভিত্তি করেই বাজি ধরছেন অনেকেই। সংবাদমাধ্যম সূত্রে খবর, ৭০ শতাংশ বাজি ধরা হয়েছে রোহিত শর্মাদের ওপরই। শুধু কি ম্যাচের ফলাফলের ওপরই সীমাবদ্ধ থাকে জুয়াড়িদের পরিসর? না, এখন বলা যায়, প্রতি বলে বলে জুয়া ধরা হয়। এমনকী ক্রিকেটারদের নামেও বাজি ধরে জুয়াড়িরা। অর্থাৎ কোন ক্রিকেটার কত রান করবেন, কে কত উইকেট নেবে তার ওপরও বাজি ধরা হয়।
পুলিশও তৎপর এই জুয়ার আসর বানচাল করতে। অবৈধ ক্রিকেট জুয়া ঠেকাতে কোমর বাঁধছে পুলিশও। বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে তারা। ধরপাকড় করা হচ্ছে।