দ্য ওয়াল ব্যুরো: এক সপ্তাহ আগেও লিগ টেবিল দেখাচ্ছিল বেঙ্গালুরু, মুম্বই ও রাজস্থান শেষ চারের লড়াই থেকে অনেকটাই পিছিয়ে পড়েছে। এক সপ্তাহ পড়েই সব ওলোট পালট হয়ে গিয়েছে। পরপর ম্যাচ জিতে ব্যাক বেঞ্চার্সরা দারুনভাবে ফিরে এসেছে লিগের লড়াইয়ে।
ইন্দোরে কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে নেমেছিল বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দু-একজন খেলোয়াড়ের উপর নির্ভর করার ফল ভুগতে হলো পাঞ্জাবকে। প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা মন্দ করেননি রাহুল ও গেইল। কিন্তু দু'জন আউট হয়ে যাওয়ার পর কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়ে পাঞ্জাব ব্যাটিং। ১৫.১ ওভারে মাত্র ৮৮ রানে অলআউট হয়ে যান তাঁরা। বেঙ্গালুরুর হয়ে উমেশ যাদব ৩ উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে রান রেট বাড়ানোর দিকে নজর দেন অধিনায়ক কোহলি ও পার্থিব প্যাটেল। দ্রুত রান তুলতে থাকেন তাঁরা। বিরাট ৪৮ ও পার্থিব ৪০ রান করে অপরাজিত থাকেন। মাত্র ৮.১ ওভারে কোনও উইকেট না হারিয়েই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেন তাঁরা।
এই জয়ের ফলে ১২ ম্যাচে ১০ পয়েন্ট হলো বেঙ্গালুরুর। অন্যদিকে ১২ ম্যাচে ১২ পয়েন্টেই থাকলো পাঞ্জাব। লিগ টেবিলের যা অবস্থা তাতে কলকাতা, পাঞ্জাব, রাজস্থান, মুম্বই ও বেঙ্গালুরুর মধ্যে যে কোনও দুটি দল পৌঁছতে পারে শেষ চারে। জমে উঠেছে আইপিএল।