
শেষ আপডেট: 9 October 2023 16:25
দ্য ওয়াল ব্যুরো: সন্তোষ ট্রফিতে বাংলার শুরুটা ভালই হয়েছে। সোমবার সকালে ওড়িশার বিরুদ্ধে জয় পেয়েছেন বাংলার ফুটবল দল। পাঞ্জাবের মাটিতে বিপক্ষকে ২-০ গোলে হারাল তারা।
রঞ্জন চৌধুরীর কোচিংয়ে এবার সন্তোষ ট্রফিতে নেমেছে বাংলা। পাঞ্জাবের পিটি মেহঙ্গা সিং স্টেডিয়ামে খেলা ছিল ওড়িশার বিরুদ্ধে। সেই ম্যাচে প্রথম থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে দেখা যায় বাংলার ফুটবলারদের। প্রথমার্ধেই এক গোলে এগিয়ে যায় বাংলা। ১৪ মিনিটের মাথায় সেই গোল করেন বিজয় মুর্মু।
দ্বিতীয়ার্ধে পেনাল্টি পায় বাংলা। সেই পেনাল্টি থেকে গোল করে ব্যবধান বাড়ান বিজয়ই। শেষ পর্যন্ত খেলার ফল হয় ২-০। তবে ম্যাচে লালকার্ড দেখেন 'নায়ক' বিজয়। যা নিয়ে ম্যাচ শেষে ক্ষোভ উগরে দেন কোচ রঞ্জন চৌধুরী।
ম্যাচ জিতলেও খুশি হতে পারেননি রঞ্জন চৌধুরী। তাঁর অভিযোগ, নিম্নমানের রেফারিং হয়েছে ম্যাচে। সেইসঙ্গে মাঠের অবস্থাও খারাপ। এমন মাঠে কেন খেলা দেওয়া হল, তা নিয়েও প্রশ্ন তুলেছেন বাংলার কোচ। বাংলার পরের ম্যাচ দিল্লির বিরুদ্ধে।