
শেষ আপডেট: 27 January 2024 19:17
দ্য ওয়াল ব্যুরো: একাধিক সহজ গোলের সুযোগ নষ্ট করে ঝাড়খণ্ডের বিরুদ্ধে ০- ১ গোলে পরাজিত হয়ে গ্রুপ লিগ থেকে বিদায় নিতে হল বাংলার ছেলেদের। শনিবার খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমসে গ্রুপ লিগের শেষ ম্যাচে বাংলা ছয়টি নিশ্চিত গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি। ঝাড়খণ্ডের সঙ্গে সমসংখ্যক পয়েন্ট হলেও প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী মুখোমুখি ম্যাচের ফলাফলের নিরিখে বিদায় নিতে হল বাংলাকে। কোচ অমিত ঘোষ জানান সহজ সুযোগ নষ্টের জন্য প্রাধান্য নিয়ে খেলেও বিদায় নিতে হল।
এর আগের ম্যাচগুলিতে ভাল খেলে জয় পেয়েছিল ছেলেরা। কিন্তু আসল ম্যাচেই তাদের হেরে বিদায় নিতে হয়েছে। এ ম্যাচে যথেষ্ট আক্রমণাত্মক ফুটবল খেলেছিল বাংলা দল। কিন্তু আক্রমণের বিপরীতে গোল হজম করতে হয়েছে।
তার মধ্যেই খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমসে সেমিফাইনালে উঠল বাংলার মহিলা ফুটবল দল। শুক্রবার চেন্নাইয়ের মাদ্রাজ ইউনিভার্সিটি মাঠে হরিয়ানার বিরুদ্ধে গোলশূন্য ভাবে গ্রুপ লিগে নিজেদের শেষ ম্যাচ শেষ করে রিমপা রা। ফলে অপরাজিত ভাবে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ চারে পৌঁছল বাংলার মেয়েরা।
প্রশিক্ষক সুজাতা কর দলের খেলায় খুশি। তিনি জানান, কিছু সুযোগ নষ্ট না হলে বাংলা আজ জিততে পারত। সেমিফইনালে প্রতিপক্ষ নিয়ে তিনি বলেন, প্রতিপক্ষ সবাইকে সমান গুরুত্ব দিই। তবে বাংলার মেয়েরা নিজের খেলাই খেলবে। ফাইনালে ওঠার বিষয়ে তিনি আশাবাদী। রবিবার সেমিফাইনালে বাংলা ঝাড়খণ্ডের বিরুদ্ধে মাঠে নামবে।
এদিকে, কন্যাশ্রী কাপে চ্যাম্পিয়ন হিসেবে শ্রীভূমি ফুটবল ক্লাব ও রানার্স আপ হিসেবে ইমামী ইস্টবেঙ্গল এফসির নাম ঘোষিত হলো। শনিবার আইএফএ অফিসে ওমেন্স কমিটির সভায় এই ঘোষনা করা হয়। কমিটির সদস্যর ছাড়া উপস্থিত ছিলেন আইএফএ সহ সচিব সুফল রঞ্জন গিরি ও নজরুল ইসলাম।