
টিম ইন্ডিয়া
শেষ আপডেট: 20 March 2025 16:38
দ্য ওয়াল ব্যুরো: নজরকাড়া সাফল্যের স্বীকৃতি চোখধাঁধানো পুরস্কারে। চ্যাম্পিয়ন্স ট্রফিজয়ী টিম ইন্ডিয়ার জন্য সাকুল্যে ৫৮ কোটি টাকা সওগাত ঘোষণা করল বিসিসিআই। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে একথা জানানো হয়েছে।
বোর্ডের মুখপাত্র হিসেবে আজ সাংবাদিকদের মুখোমুখি হন সেক্রেটারি দেবজিৎ সাইকিয়া। সেখানে খেলোয়াড়, কোচ সহ দলের প্রত্যেকে কত অর্থমূল্য হিসেবে পাবেন, সেকথা ঘোষণা করা হয়। ঠিক হয়েছে, প্রত্যেক ক্রিকেটারকে ৩ কোটি টাকা দেওয়া হবে। কোচ গৌতম গম্ভীরও পাবেন ৩ কোটি টাকা। সহায়ক কোচ রায়ান টেন দুশখতে ও অভিষেক নায়ার, ব্যাটিং কোচ শীতাংশু কোটাক, বোলিং কোচ মর্নি মর্কেল—প্রত্যেকে পাবেন ৫০ লক্ষ টাকা করে। এ ছাড়া বিসিসিআই আধিকারিকেরাও প্রত্যেকে ২৫ লক্ষ টাকা উপহার হিসেবে লাভ করবেন।
২০২৩-এর ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে উঠেও পরাজয়। এরপর সাদা বলের ক্রিকেটে দুটো আইসিসি টুর্নেমেন্ট জিতেছে টিম ইন্ডিয়া। ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপ জয়ের পাশাপাশি এ বছর ৯ মার্চ দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিও হাতে তুলেছে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল।
বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্লা এ প্রসঙ্গে বলেন, ‘এই অর্থমূল্য টুর্নামেন্ট জুড়ে ভারতীয় দলের ধারাবাহিক ভাল পারফরম্যান্সের পুরস্কার। চাপের মধ্যেও খেলোয়াড়রা যেভাবে খেলেছেন, সাফল্য পেয়েছেন তা দেশের উঠতি খেলোয়াড়দের অনুপ্রেরণা জোগাবে। দলের এই পারফরম্যান্স আরেকবার প্রমাণ করে দিয়েছে, ভারতীয় ক্রিকেট দক্ষতা, মানসিক জোর ও জয়ের মানসিকতার ভিত্তির উপর দাঁড়িয়ে রয়েছে।‘