
আইপিএলে পিচ-বিতর্ক
শেষ আপডেট: 3 April 2025 18:47
দ্য ওয়াল ব্যুরো: এবারের আইপিএলের মুখরোচক বিষয় হয়ে উঠেছে পিচ-বিতর্ক। প্রথমে মুখ খুলেছিল কলকাতা নাইট রাইডার্স। এরপর চেন্নাই সুপার কিংস। সবশেষে লখনউ সুপার জায়ান্টস। ঘরের মাঠে টিমের শক্তি মেপেজুপে পছন্দসই উইকেট বানাতে ব্যর্থ হয়েছেন কিউরেটর—এই অভিযোগে সরব হয় তিন ফ্র্যাঞ্চাইজি।
এবার চলতি বিতর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করল বিসিসিআই। প্রথমবারের জন্য। সরকারিভাবে কিছু জানানো না হলেও সূত্রের খবর, উইকেট নিয়ে পিচ প্রস্তুতকারক এবং টিম ম্যানেজমেন্ট দু’পক্ষকেই আলোচনা চালিয়ে যাওয়ার আর্জি জানিয়েছেন বোর্ডের এক শীর্ষ কর্তা। দু-তিন সপ্তাহে কোনও রফাসূত্র বেরিয়ে আসতে পারে না। কিন্তু আলাপ-আলোচনার মাধ্যমেই সমাধানের পথ মিলবে। জানিয়েছে বিসিসিআই।
বোর্ডের ওই কর্তার দাবি, আইপিএলের পিচ এখনও পর্যন্ত মোটের উপর ভালই৷ কোনও কোনও ফ্র্যাঞ্চাইজি বোলার সহায়ক উইকেটের দাবি জানাতেই পারে৷ কিন্তু তার জন্য টিমের সঙ্গে কিউরেটরদের যোগাযোগ রাখা জরুরি। এটা এক সপ্তাহের মধ্যে কোনওদিন গড়ে উঠতে পারে না।
ইডেনের পিচ নিয়ে কোনও মন্তব্য না করলেও লখনউ সুপার জায়ান্টসের ঘরের মাঠ একানা স্টেডিয়াম নিয়ে অখুশির কথা জানিয়েছেন বোর্ডের ওই আধিকারিক। পিচের স্বাভাবিক চরিত্র মেনে যে একানার উইকেট বানানো হয়নি, তা যে যথেষ্ট ধীরগতির, মন্থর হয়ে পড়েছিল—এই বিষয়ে ফ্র্যাঞ্চাইজির সঙ্গে বোর্ড একমত। গোটা টুর্নামেন্ট জুড়ে খেলা চালিয়ে যাওয়ার জন্য পিচের উপর ভালমতো ঘাসের আচ্ছাদন থাকা জরুরি—বিসিসিআইয়ের গাইডলাইনে লেখা এই শর্ত পূরণ করা হয়নি বলেও জানানো হয়েছে৷
প্রসঙ্গত, আজ ইডেনে নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলতে নামছে সানরাইজার্স হায়দরাবাদ৷ আগামী ৮ এপ্রিল সামনে লখনউ সুপার জায়ান্টস। যা আয়োজিত হওয়ার কথা ছিল ৬ এপ্রিল। কিন্তু রামনবমীর কারণে এই ম্যাচ দু'দিন পিছিয়ে দেওয়া হয়।