
ভারতের কোচ খুঁজতে ধোনির সঙ্গে কথা বোর্ড কর্তাদের।
শেষ আপডেট: 22 May 2024 14:51
দ্য ওয়াল ব্যুরো: টি ২০ বিশ্বকাপের পরেই ভারতীয় দলে নতুন কোনও কোচ দায়িত্ব নেবেন। সেই কোচ খুঁজতে এবার ভারতীয় ক্রিকেট বোর্ড এম এস ধোনির দ্বারস্থ হয়েছে। বিসিসিআই মনে করছে, ধোনিই আসল লোক ভাল কোনও বিদেশিকে এনে রোহিত শর্মাদের মাথায় বসাতে। সেই বিষয়ে এগিয়ে রয়েছেন চেন্নাই সুপার কিংসের কোচ স্টিফেন ফ্লেমিং।
চেন্নাইয়ের কোচ হিসেবে দীর্ঘদিন রয়েছেন নিউজিল্যান্ডের এই প্রাক্তন ক্রিকেটার। তিনি ২০১১ সাল থেকে সিএসকে-র সঙ্গে জড়িত। চেন্নাই যে মোট পাঁচবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে, তার মূল কৃতিত্ব ফ্লেমিংয়ের।
ইতিমধ্যেই বোর্ড ভারতের কোচ হওয়ার জন্য বিজ্ঞাপন দিয়েছে। অনেক আবেদনও জমা পড়েছে। বিদেশি কোচদের মধ্যে ফ্লেমিং, জাস্টিন ল্যাঙ্গার আবেদন করেছেন। ফ্লেমিং কোচ হওয়ার বেশকিছু শর্ত নিয়ে চিন্তা করছেন। তিনি সপরিবারে ভারতে চলে আসতে চান। কিন্তু বোর্ড শুধু তাঁর খরচই বহন করবে। কিউই কোচ চাইছেন, দু’বছরের চুক্তি সারতে। কিন্তু বিসিসিআই চায় অন্তত তিনবছরের চুক্তি সারতে।
ধোনিকে দায়িত্ব দেওয়া হয়েছে যাতে এই শর্তগুলি বুঝিয়ে ফ্লেমিংকে কোচ হওয়ার জন্য রাজি করানো যায়। এই বিষয়ে ধোনিই উপযুক্ত লোক, যিনি চেন্নাই কোচকে রাজি করাতে পারেন। একটি সর্বভারতীয় ওয়েবসাইটের খবর অনুযায়ী, ধোনির সঙ্গে কোচ খুঁজে দেওয়ার বিষয়ে কথা হয়েছে বোর্ড কর্তাদের। এই ব্যাপারে দায়িত্ব দেওয়া হয়েছে রাজীব শুক্লাকে। যাঁর সঙ্গে ধোনির সম্পর্ক খুব ভাল।
এর মধ্যেই গৌতম গম্ভীর ভারতের কোচ হওয়ার দৌড়ে একটু হলেও এগিয়ে গিয়েছেন। গম্ভীর রাজি থাকলেও বোর্ড কথা বলতে চাইছেন কেকেআর আধিকারিকদের সঙ্গে। গম্ভীরকে কোচ করার পিছনে মূলত তিনটি যুক্তি। এক, গম্ভীরের গেম রিডিং দুরন্ত। তিনি কলকাতা ও লখনউ দলের মেন্টর হিসেবে রীতিমতো সফল হয়েছেন। দ্বিতীয়ত, দলের সিনিয়র ও জুনিয়রদের মধ্যে তালমিল করার বিষয়ে গম্ভীরের ম্যান ম্যানেজমেন্টের জুড়ি মেলা ভার। তিনি ধীর-স্থির, শান্ত, তারপরেও দলের পুরো চালিকাশক্তিকে হাতের মুঠোয় রাখতে জানেন। আর শেষটি, তিনি তারকাদের নিয়ে কাজ করতে জানেন। গম্ভীরের কোনও ইগো সমস্যা নেই। তিনি দলের মধ্যে সুন্দর একটা ভারসাম্য রাখতে জানেন। আর সর্বোপরি নাইটদের মেন্টর বোর্ড কর্তাদেরও গুডবুকে রয়েছেন। কোহলির সঙ্গে সম্পর্কের অবনতি হলেও তিনি সাম্প্রতিক সময়ে সেই সমস্যা মিটিয়ে ফেলেছেন।