
শেষ আপডেট: 15 January 2024 17:05
দ্য ওয়াল ব্যুরো: জাতীয় দলের সিনিয়র নির্বাচক চাই। এমন একটা বিজ্ঞাপন দিল জয় শাহের ভারতীয় ক্রিকেট বোর্ড। সোমবার এই মর্মে বিসিসিআই-র ওয়েবসাইটে এরকম একটি বিজ্ঞাপন দেওয়া হয়েছে।
জাতীয় নির্বাচকমন্ডলীতে রয়েছেন পাঁচজন নির্বাচক। চেয়ারম্যান অজিত আগরকার, যিনি আবার মুম্বইয়ের প্রতিনিধি। আবার একই কমিটিতে পশ্চিমাঞ্চলের নির্বাচক হিসেবে রয়েছেন প্রাক্তন পেসার একই রাজ্যের সলিল আঙ্কোলা। তাঁকে এবার কমিটি থেকে সরতে হতে পারে। বিসিসিআই নির্বাচক চাই বলে বিজ্ঞাপন দিলেও কাকে সরতে হবে, সেটি না জানালেও মনে করা হচ্ছে আঙ্কোলাই সরবেন।
গতবার চেয়ারম্যান পদ থেকে চেতন শর্মা সরে যাওয়ার পরে আগরকারকে নিয়ে আসা হয়েছে। সেইসময় কমিটিতে ছিলেন আঙ্কোলা। যদিও উত্তরাঞ্চলের কোনও নির্বাচক নেই কমিটিতে। সেই স্থানই পূরণ করা হবে বলে জানানো হয়েছে বোর্ড সূত্রে। প্যানেলের বাকি তিন সদস্য হলেন, শিবসুন্দর দাস (পূর্বাঞ্চল), সুব্রত বন্দ্যোপাধ্যায় (মধ্যাঞ্চল) ও এস শরৎ (দক্ষিণাঞ্চল)।
একটা সময় জাতীয় নির্বাচকমণ্ডলীতে অশোক মালহোত্রাদের সঙ্গে একই কমিটিতে ছিলেন আগরকার। যিনি শচীনের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে ক্রিকেটমহলে পরিচিত। সেইসময় আবার যতীন পরাঞ্জপে ও সুলক্ষণা নায়েকও ছিলেন। তাই একই অঞ্চল থেকে একাধিক নির্বাচক থাকলে সমস্যা নেই। কিন্তু জয় শাহের বোর্ড এই বিষয়গুলিকেই গুরুত্ব দিচ্ছে।
ওই বিজ্ঞাপনে বলা হয়েছে আগামী ২৫ জানুয়ারির মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। নির্বাচক হওয়ার তিনটি শর্ত হল, সাতটি টেস্ট খেলতে হবে। ৩০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলতে হবে, কিংবা ১০টি ওয়ান ডে ম্যাচ খেলতে হবে।