দ্য ওয়াল ব্যুরো: নিয়ম যেমন রয়েছে, তেমনি নিয়মের ফাঁকও রয়েছে। কেউ যেন বলতে না পারেন, ভেতরে ভেতরে বোর্ড কর্তারা রাহুল দ্রাবিড়কে (Rahul Dravid) কোচ করে দিয়েছেন। সেই কারণেই বিসিসিআই (BCCI) কোচ খুঁজতে একটি বিজ্ঞাপন বাজারে ছেড়েছে।
রবিবার টিম ইন্ডিয়ার কোচের পদে প্রার্থী চেয়ে বিজ্ঞাপন দিল সৌরভদের বোর্ড। শুধু কোহলিদের হেড কোচের জন্যই নয়, বরং সিনিয়র টিমের ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং কোচের পদে লোক চেয়েও বিজ্ঞপ্তি জারি করেছে তারা। সেই সঙ্গে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান হওয়ার জন্যও বিজ্ঞাপন দেওয়া হয়েছে। কারণ ওই পদে ছিলেন দ্রাবিড়, তাঁর পরিবর্তে নতুন কাউকে নিয়োগ করতে হবে।
আরও পড়ুন: চ্যাম্পিয়ন হতে গেলে পরিণত হতে হয়, কোহলিদের সতর্ক করলেন সৌরভ
ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং কোচের জন্য ১০টি টেস্ট বা ২৫টি ওয়ান ডে খেলার অভিজ্ঞতা থাকতে হবে। আবেদন করা যাবে ৩ নভেম্বর বিকাল ৫টার মধ্যে।
এই বিজ্ঞাপনের পরেই প্রশ্ন উঠতে শুরু করেছে, যেখানে কোচ হিসেবে দ্রাবিড় ও বোলিং কোচ পরশ মামরের নিয়োগ প্রায় পাকা, তারপরেও কেন কোচ খুঁজতে নামলেন বোর্ড কর্তারা?
ভারতীয় দলের হেডস্যার হতে গেলে কী আবশ্যিক শর্ত দরকার, সেটিও জানিয়ে দেওয়া হয়েছে। এক, ৩০টি টেস্ট অথবা ৫০টি ওয়ান ডে আন্তর্জাতিক ম্যাচ খেলতে হবে প্রার্থীকে।
দ্বিতীয়ত, অন্তত ২ বছর কোনও টেস্ট খেলিয়ে আইসিসির পূর্ণ সদস্য দেশের হেড কোচ হিসেবে কাজ করলেও আবেদন করা যাবে।
তৃতীয়ত, অন্তত তিন বছর কোনও সহযোগী দেশ, আইপিএল দল, আন্তর্জাতিক পর্যায়ের সমতুল্য কোনও লিগ, কোনও প্রথম শ্রেনীর রাজ্যদল, জাতীয়-এ দলের কোচ হিসেবে কাজ করলেও আবেদন করতে পারবেন।
চার, বিসিসিআইয়ের লেভেল থ্রি কোচিং সার্টিফিকেট বা সমতুল্য কোনও কোচিং সার্টিফিকেট থাকলেও আবেদন করা যাবে। শেষটি, দায়িত্ব নেওয়ার সময় ৬০ বছরের কম বয়স হতে হবে।
কোচের পদে আবেদন করার জন্য ২৬ অক্টোবর বিকাল ৫টা পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে বিসিসিআই।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'