
শেষ আপডেট: 6 January 2024 00:03
দ্য ওয়াল ব্যুরো: খেলার শুরুতেই পিছিয়ে পড়েছিল বার্সেলোনা। লাস পালমাসের ফরোয়ার্ড মুনির এল হাদাদি ম্যাচের ১২ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন। বিপক্ষের ওই ফরোয়ার্ডের এই গোল শোধ করতে বার্সেলোনার লেগে যায় ৫৩ মিনিট। প্রথমার্ধের অতিরিক্ত সময় পেয়েও সেই গোল শোধ করতে পারেনি বার্সা।
বিরতির পর খেলতে নেমে ৫৫ মিনিটে গোলটি শোধ দেয় বার্সা। এরপর জয়ের জন্য বহুল আকাঙ্ক্ষিত গোলও পেতে তাদের অপেক্ষা করতে হয়েছে ম্যাচের ইনজুরি টাইম পর্যন্ত।
বার্সাকে হয়তো পয়েন্ট হারাতে হতো, যদি ৯১ মিনিটে লাস পালমাসের ডিফেন্ডার ডেলি সিংকগ্রাবেন লালকার্ড না দেখতেন।
ডেলি মাঠ ছাড়লে ১০ জনে খেলে লাস পালমাস। এর সুযোগ পুরোপুুরি কাজে লাগায় বার্সা।
ডেলি লালকার্ড দেখার পর ১ মিনিট পর পেনাল্টি এরিয়াতে ফাউল করে হলুদকার্ড দেখেন লাস পালমাসের কিরিয়ান রদ্রিগেজ। পেনাল্টি পেয়ে যায় বার্সা। অবশেষে ৯৩ মিনিটে পেনাল্টিতে গোল করে ২-১ ব্যবধানে জয় পায় জাভির দল।
লাস পালমাসের ঘরের মাঠে বার্সেলোনার হয়ে প্রথম গোলটি করেন ফেরান লরেস। সার্জিওর অ্যাসিস্টে বক্সের মাঝখান থেকে ডান পায়ের দুর্দান্ত শটে বিপক্ষের জালে বল জড়ান তিনি।
ম্যাচে মোট ৭টি হলুদ ও একটি লালকার্ড দেখান রেফারি। এরমধ্যে ৫টি হলুদকার্ড ও একমাত্র লালকার্ডটি দেখেছে লাস পালমাস। অপরদিকে দুটি হলুদকার্ড দেখেছে বার্সা।
ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে এক ধাপ এগিয়ে গেল বার্সেলোনা। ১৯ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থান থেকে তিন উঠে এসেছে তারা। টেবিলের শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ। তাদের পয়েন্ট ৪৮। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে জিরোনা।