.jpeg)
কোপা দেল রে ফাইনাল ২০২৫
শেষ আপডেট: 27 April 2025 10:57
দ্য ওয়াল ব্যুরো: কোপা দেল রে (Copa Del Rey)। স্প্যানিশ ফুটবলের নক আউট টুর্নামেন্ট। ঐতিহাসিক। কিন্তু লা লিগা (La Liga), চ্যাম্পিয়নস লিগের (UEFA Champions League) মতো গরিমাময় নয়৷
অথচ এই ট্রফিকে ঘিরেই গত কয়েকদিন যাবৎ উত্তপ্ত হয়ে উঠেছিল বিশ্ব ক্লাব ফুটবল। ফাইনালে ওঠার পরই রিয়াল মাদ্রিদ (Real Madrid) পরোক্ষে নিশানা করেছিল প্রতিপক্ষ বার্সেলোনাকে (Barcelona)। আর প্রত্যক্ষ নিশানায় ছিলেন রেফারি (Referee)। তাঁকে ‘পক্ষপাতদুষ্ট’ বলে কটাক্ষ করে ‘রিয়াল মাদ্রিদ টিভি’ একটি ভিডিও ফুটেজ সামনে আনে। যেখানে দেখানো হয়: আজ পর্যন্ত মাদ্রিদের ম্যাচ পড়লেই কী কী ‘ভুল’ করেছেন ম্যাচ রেফারি রিকার্দো দে বুর্গোস (Ricardo de Burgos Bengoetxea)।
পাশাপাশি অভিযোগ ওঠে, এই রেফারিই বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদ ম্যাচ আয়োজনের দায়িত্ব পেলে কাতালান ক্লাব বেশির ভাগ লড়াইয়ে শেষ হাসি হেসেছে। সন্দেহের সুরে জানানো হয়: এতই যদি ভাল রেফারি, তাহলে কেরিয়ারে একটিও চ্যাম্পিয়নস লিগ কিংবা ফিফা টুর্নামেন্টের দায়িত্ব জোটেনি কেন?
জবাবে রেফারিও মুখে কুলুপ এঁটে ছিলেন না। জানান, রিয়ালের এই অভিযোগ ‘দুর্ভাগ্যজনক’। এভাবে কোনও রেফারির সমালোচনা করা যায় না। তাতে তাঁর পরিবার-পরিজনের উপর চাপ বাড়ে। সাংবাদিক সম্মেলনে এই নিয়ে কেঁদে ভাসান বুর্গোস। বলেন, ‘যখন আপনার ছেলে স্কুলে যায় আর গিয়ে শোনে তার বাবাকে সবাই চোর বলছে, সেটা তার পক্ষে সহ্য করাটা কষ্টকর।’
রিয়াল মাদ্রিদ রেফারির এই বয়ান শুনে পাল্টা তোপ দাগে। ম্যাচ শুরুর ২৪ ঘণ্টা আগে জানানো হয়, প্রি-ম্যাচ কনফারেন্স বাতিল। দলের কোনও খেলোয়াড় কিংবা কোচ মিডিয়ার মুখোমুখি হবেন না। স্থগিত করা হয় ফাইনাল ট্রেনিং সেশনও৷
ম্যাচ শুরুর পর যদিও রিয়াল মাদ্রিদের এত তেজ, এত ঝাঁজ সব উবে যায়। উল্টে আক্রমণাত্মক মেজাজে ধরা দেয় হান্সি ফ্লিকের বার্সেলোনা। জানুয়ারি মাসে সুপার কাপে চিরপ্রতিদ্বন্দ্বীদের ৫-২ গোলে দুরমুশ করেছিল বার্সা। গতকাল রাতেও চেনা মেজাজে ধরা দেয় তারা।
প্রথমার্ধের শুরুতেই গোল করে এগিয়ে দেন পেদ্রি৷ তারপর থেকে নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবে নিজেদের নিয়ন্ত্রণে রাখে বার্সা বাহিনী। দ্বিতীয়ার্ধে আস্তে আস্তে পরিচিত চেহারায় ফিরে আসে রিয়াল৷ প্রথমে ফ্রিকিক থেকে গোল করে সমতা ফেরান কিলিয়ান এমবাপে। তারপর ব্যবধান বাড়ান ফরাসি মিডফিল্ডার ত্রুয়ামেনি৷
যখন মনে হচ্ছিল ট্রফি উঠতে চলেছে অ্যান্সেলোত্তির টিমের হাতে, তখন আঘাত হানেন ফেরান টোরেস। ৮৩ মিনিটের মাথায় গোল করেন। ২-২ স্কোরলাইনে লড়াই গড়ায় অতিরিক্ত সময়ে৷ সেটা গড়াত না, যদি না ভার (VAR) রেফারির বার্সেলোনার পক্ষে দেওয়া পেনাল্টির সিদ্ধান্ত নাকচ করে দিত।
কিন্তু এরপর খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি তাদের। ১১৬ মিনিটে ডিফেন্ডার কুন্ডের দূরপাল্লার শটে পরাস্ত হন রিয়ালের গোলরক্ষক থিবো কুর্তোয়া। শেষমেশ ৩-২ ফলাফলেই ম্যাচ ও ট্রফি জিতে নেয় বার্সা। ফাইনাল ও টুর্নামেন্টের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন ফেরান তোরেস।
এই নিয়ে কোপা দেল রে রেকর্ড সংখ্যক ৩২তম বার ঘরে তুলল বার্সেলোনা। এই সিজনে দ্বিতীয় ট্রফি জিতল তারা। চতুর্মুকুট জয়ের লক্ষ্যে আরও একধাপ এগোল হান্সি ফ্লিকের ছেলেরা। চলতি মরশুমে ২০তম অ্যাসিস্ট করে নজির গড়লেন বিস্ময় কিশোর লামিন ইয়ামাল।
FULL-TIME AFTER EXTRA-TIME: BARCELONA 3-2 REAL MADRID#BarcaRealMadrid pic.twitter.com/xIlrBwf3if
— DeLightBringer Kiko ☀️ (@KSnetne) April 26, 2025
অন্যদিকে চ্যাম্পিয়নস লিগ, এখন কোপা দেল রে হাতছাড়া হওয়ার পর রিয়ালের একমাত্র আশা লা লিগা-কে ঘিরে। যেখানে পোল পজিশন ধরে রেখেছে সেই বার্সেলোনাই। গতকাল ম্যাচ হেরে হতাশা ছাড়া কিছুই জোটেনি ভিনিসিয়াসদের। বেলিংহ্যাম হারের কারণ হিসেবে দুষেছেন রেফারিকে। লাল কার্ড খেয়ে মাঠ ছাড়া আন্তোনিও রুডিগার আইস প্যাক হাতে রেফারির দিকে তেড়ে যান। এর জন্য জার্মান ডিফেন্ডারের ঘাড়ে একগুচ্ছ ম্যাচ নির্বাসনের খাঁড়া নেমে আসতে পারে বলে মনে করা হচ্ছে।