
বার্সেলোনার উচ্ছ্বাস
শেষ আপডেট: 16 April 2025 13:36
দ্য ওয়াল ব্যুরো: কাতলান জায়েন্টদের অতি বড় শত্রুও হয়তো ভাবেননি বরুসিয়া ডর্টমুন্ড (Borussia Dortmund) এমন একটা অঘটন ঘটাবে যাতে চ্যাম্পিয়নস লিগের (Champions Leagur) শেষ চার আর ওঠা হবে না বার্সেলোনার (Barcelona)। আর অঘটন ঘটার মতো পরিস্থিত তৈরি হলেও শেষ পর্যন্ত শেষ হাসি হেসেছে বার্সাই। আসলে চ্যাম্পিয়নস লিগের শেষ আটের প্রথম লেগে যে ব্যবধানটা রেখেছিল হ্যান্সি ফ্লিকের ছাত্ররা, সেটা হাজার চেষ্টা করেও মেটাতে পারল না জার্মান ক্লাব ডর্টমুন্ড।
মঙ্গলবার রাতে ডর্টমুন্ড জিতেছে ৩-১ গোলে। তবুও হাসিমুখে মাঠ ছেড়েছেন ইয়ামাল, রাফিনহারা। বার্সেলোনা সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ২৪ ম্যাচ পর হারের মুখ দেখলেও মাঠ ছেড়েছে উৎফুল্ল হয়েই। কারণ ২০১৯-এর পর ফের চ্যাম্পিয়নস লিগের সেমিতে বার্সা।
চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনাল প্রথম লেগে বার্সেলোনা জিতেছিল ৪-০ ব্যবধানে। হয়তো ফুটবল বিধাতা সেইদিনই ভাগ্য লিখন লিখে রেখেছিলেন বার্সার জন্য। দুই লেগ মিলিয়ে ৫-৩ ব্যবধানে জিতে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে স্প্যানিশ ক্লাবটি। এক দশক আগে শেষবার ইউরোপীয় ট্রফি জেতা বার্সেলোনা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে উঠল ছয় বছর পর।
মঙ্গলবার সিগনাল এদুনা পার্কে হানসি ফ্লিকের দলকে যথেষ্ট বিব্রত করেছে ডর্টমুন্ড। ম্যাচের ১১ মিনিটেই গোলকিপার ভয়েচেক সেজনির ফাউলের কারণে পেনাল্টির পায় জার্মান ক্লাব। পেনাল্টি থেকে গোল করে ডর্টমুন্ডকে এগিয়ে দেন সেরহু গিরাসি। এরপর একের পর এক আক্রমণে বার্সা রক্ষণকে তটস্থ করে ফেলে ডর্টমুন্ড। প্রথমার্ধে আর কোনও গোল হয়নি।
বিরতির পর বার্সাকে আরও কোণঠাসা করে ফেলে ডর্টমুন্ড। ৪৯ রামি বেনসেবাইনির হেড থেকে মাথা ছুঁইয়ে বল জালে জড়ান গিরাসি। তবে ৫৩ মিনিটেই ব্যবধান কমায় বার্সা। ফারমিন লোপেজের বল বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালে বল ঠেলে দেন প্রথমার্ধে বার্সাকে সবচেয়ে বেশি ভোগানো ডিফেন্ডার রামি।
ম্যাচের ৭৫ মিনিটে ডর্টমুন্ডের হয়ে ব্যবধান বাড়ান গিরাসি। রোনাল্দ আরাউহো বল গিরাসির পায়ে তুলে দিলে সহজেই জালে জড়িয়ে দেন গিনির এই স্ট্রাইকার। এবারের চ্যাম্পিয়নস লিগে এটি গিরাসির ১৩তম গোল।
স্কোরলাইন ৫-৩ ব্যবধানে এনে সমতার জন্য মরিয়া চেষ্টা ছিল ডর্টমুন্ডের। ইউলিয়ান ব্রান্ডট বল জালেও পাঠিয়েছেন একবার, কিন্তু অফসাইডে তা বাতিল হয়। বাকি সময়ে আর কোনও গোল না হওয়ায় ৩-১ ব্যবধানে ম্যাচ জিতেও দুই লেগের স্কোরলাইনে হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় ডর্টমুন্ডকে। সেমিফাইনালের বার্সেলোনার প্রতিপক্ষ হবে বায়ার্ন মিউনিখ-ইন্টার মিলানের মধ্যে জয়ী দল।