
শেষ আপডেট: 2 December 2023 11:46
দ্য ওয়াল ব্যুরো: বিশ্বকাপে তেমন ভাল ফল করতে পারেনি বাংলাদেশ। কিন্তু সেই পর্ব মিটতেই ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচ জিতল টাইগাররা। ব্যাটে-বলে দারুণ খেলেছেন ওপার বাংলার ছেলেরা। শাকিব আল হাসান নেই, দলের দায়িত্ব ছিল নাজমুল হাসান শান্তর কাঁধে। তাঁর নেতৃত্বেই কিউয়িদের বিরুদ্ধে প্রথম ম্যাচ জিতে টেস্ট সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ।
সিলেট টেস্টে টস জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেন শান্ত। প্রথম ইনিংসে বাংলাদেশ তোলে ৩১০ রান। মাহমুদুল হাসান জয় ৮৬ রানের ইনিংস খেলেছিলেন। জবাবে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ৩১৭ রানে অলআউট হয়ে যায়। কেন উইলিয়ামসনের ব্যাট থেকে সেঞ্চুরি এসেছিল। বাকি আর কেউই ৫০ রানের গণ্ডি পেরোতে পারেননি। তাইজুল ইসলাম একাই নেন ৪ উইকেট।
দ্বিতীয় ইনিংসে ভাল ব্যাট করেন বাংলাদেশের ব্যাটাররা। অধিনায়ক শান্ত সেঞ্চুরি করেন। এছাড়াও মুশফিকুর রহমান (৬৭), মেহেদি হাসানদের (৫০) দাপটে বাংলাদেশ তোলে ৩৩৮ রান। সেই রান তাড়া করতে নেমে ১৮১ রানেই অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড। ১৫০ রানে জয় পেল বাংলাদেশ। ফের সেই তাইজুল ইসলাম। এই ইনিংসে তাঁর ঝুলিতে আসে ৬ উইকেট। এক ম্যাচে ১০ উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন তিনি। পেলেন ম্যাচ সেরার পুরস্কারও।
গোটা বিশ্বকাপে মাত্র দু'টি ম্যাচে জয় এসেছিল বাংলাদেশের। দেশের মধ্যেই সমালোচিত হন শাকিব আল হাসানরা। বিশ্বকাপে বাংলাদেশের নেতৃত্বের দায়িত্ব ছিল তাঁর কাঁধে। তবে বিশ্বকাপ শেষ হতেই তিনি বিশ্রাম নিয়েছেন। তরুণ ক্রিকেটারদের দিয়ে দল সাজিয়ে সাফল্য পেল বাংলাদেশ। এর আগেও টেস্ট ম্যাচে কিউয়িদের একবার হারিয়েছিল তারা। এই নিয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচে দ্বিতীয় জয় পেল টাইগাররা।