
শেষ আপডেট: 9 December 2023 15:57
দ্য ওয়াল ব্যুরো: গত টেস্টে নিউজিল্যান্ডকে হারিয়ে সাড়া জাগিয়েছিল বাংলাদেশ। ভাবা গিয়েছিল, ঘরের মাঠে প্রথমবার কিউইদের হারিয়ে ইতিহাস গড়বে তারা। সেটি হল না শেষমেশ। নিউজিল্যান্ড চার উইকেটে ম্যাচ জিতে সেই পথে বাধা হয়ে দাঁড়াল।
ঢাকা টেস্টে নিউজিল্যান্ডের সামনে দ্বিতীয় ইনিংসে মাত্র ১৩৭ ছুঁড়ে দিতে পেরেছিল বাংলাদেশ। বোলাররা চেষ্টা করেছেন। ৬৯ রানে ৬ উইকেট তুলে নিয়েছিলেন কিউইদের।
কিন্তু শেষ রক্ষা হয়নি। গ্লেন ফিলিপস ও মিচেল স্যান্টনারের জুটিতে ম্যাচ বের করে দিয়েছে কিউই ব্যাটাররা। এই ম্যাচটি জিতলে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জয় নিশ্চিত হয়ে যেত বাংলাদেশের। দুই ম্যাচের সিরিজ শেষ হল ১-১ ফলের মাধ্যমে।
ফিলিপস ও স্যান্টনারের ৭০ রানের জুটি ভাঙতে পারেনি বাংলাদেশ। অথচ ৬৯ রানেই ৫ উইকেট ছিল না নিউজিল্যান্ডের। শেষ পর্যন্ত ৪০ রানে ফিলিপস এবং ৩৫ রানে স্যান্টনার অপরাজিত থেকে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন।
দ্বিতীয় ইনিংসে ঘরের মাঠে বাংলাদেশ ব্যাটাররা ব্যর্থ হয়েছেন। দ্রুত রান তুলতে গিয়েই উইকেট দিয়ে এসেছেন তাঁরা। মাত্র ১৪৪ রানে ওপার বাংলার দলের ইনিংস শেষ হয়ে গিয়েছে। দলের ওপেনার জাকির হাসানের ৫৯ রান ছাড়া পাতে দেওয়ার মতো কোনও রান নেই। নিউজিল্যান্ডের আজাজ প্যাটেল একাই ছয় উইকেট নিয়ে মুশফিকুর, শান্তদের শেষ করে দিয়েছেন। স্যান্টনারও নিয়েছেন তিন উইকেট।
তারপরেও ম্যাচে ফিরে এসেছিল বাংলাদেশ। কিউইদের দ্বিতীয় ইনিংসে করতে হবে ১৩৭ রান। সেই অবস্থার মধ্যেও কিউইদের ৬৯ রানে ছয় উইকেট পড়ে গিয়েছিল। দলের সিনিয়র তারকা কেন উইলিয়ামসন (১১), ডারিল মিচেল (১৯) ও ডেভন কনওয়ে (২) সবাই দ্রুত ফিরে গেলেও ফিলিপস-স্যান্টনার জুটি বাজিমাত করে গিয়েছে। বাংলাদেশ বোলারদের মধ্যে সফল মেহেদি হাসান মিরাজ (৩/৫২) ও স্পিনার তাইজুল ইসলাম (২/৫৮)।