
শেষ আপডেট: 8 January 2024 15:06
দ্য ওয়াল ব্যুরো: তিনি ক্যাপ্টেন বটে। তবে 'কুল' নন। খেলার মাঠে মেজাজ হারানোর একাধিক নজির রয়েছে তাঁর। তবে এবার মেজাজ হারিয়ে এমন কাজ করলেন তিনি, যা নিয়ে কার্যত ছিছিক্কার পড়ে গেছে। বাংলাদেশের পুরুষদের জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক শাকিব আল হাসানের একটি ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে, ভিড়ের মধ্যে এক অনুরাগীর গালে সপাটে থাপ্পড় কষিয়েছেন তিনি।
গতকাল অর্থাৎ রবিবার ছিল বাংলাদেশের সাধারণ নির্বাচন, যাতে আওয়ামী লীগের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন শাকিব। রবিবারই ফল প্রকাশিত হয়েছে, যাতে তিনি জিতেও গেছেন। সেইদিনই এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ায় তুমুল বিতর্ক সৃষ্টি হয়েছে। কবে এবং কোথায় ঘটনাটি ঘটেছে তা সঠিকভাবে জানা না গেলেও শোনা যাচ্ছে, নির্বাচনের সপ্তাহ খানেক আগেই এই কাণ্ড ঘটিয়েছেন শাকিব।
Shakib Al Hasan slapped a fanpic.twitter.com/oJrnWlfpDw
— Don Cricket ???? (@doncricket_) January 8, 2024
আবার অনেকেই দাবি করছেন, একটি ভোটকেন্দ্রে নির্বাচন চলাকালীন শাকিব ওই ভক্তকে থাপ্পড় মারেন। শোনা যাচ্ছে, তারকা ক্রিকেটার বুথে ভোট দিতে যাওয়ার পরেই তাঁকে ঘিরে ধরেন অনুরাগীরা। তাতে তেমন পাত্তা না দিয়ে শাকিব এগিয়ে যাওয়ার চেষ্টা করতেই এক ভক্ত পিছন থেকে টেনে ধরেন তাঁকে। এরপরেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তখনই অত্যন্ত বিরক্ত হয়ে তাকে থাপ্পড় মারেন শাকিব।
জেলার প্রধান প্রশাসক আবু নাসের বেগ জানান, নির্বাচনে সাকিব পশ্চিমাঞ্চলীয় শহর মাগুরায় তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বীকে দেড় লক্ষের বেশি ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। এটা বিরাট জয়, দাবি তাঁর। এবারের নির্বাচনে প্রধান বিরোধী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভোট বয়কট করেছিল। তা সত্ত্বেও অবলীলায় জিতে পঞ্চমবারের জন্য জয়ী হয়ে প্রধানমন্ত্রীর আসনে বসতে চলেছেন। সেই দলের হয়ে জয়ী হওয়ার পরেও এ ব্যাপারে এখনও পর্যন্ত মুখ খোলেননি শাকিব।
যদিও ভোটের আগে ক্রিকেট তারকা জানিয়েছিলেন, বড় কোনও বাধার সম্মুখীন না হলেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা নিয়ে সামান্য উদ্বিগ্ন তিনি। "প্রতিযোগিতা এবং চ্যালেঞ্জ সবসময়ই থাকে, সেটা ছোট দল হোক বা বড় দল," জানিয়েছিলেন তিনি।
ভোটের প্রচারের জন্য বেশ কয়েকদিন খেলা থেকে দূরে ছিলেন শাকিব। অনেকেই বলেছিল, তিনি জনপ্রতিনিধি হিসেবে এবং জাতীয় দলের অধিনায়ক হিসেবে নিজের দায়িত্বের মধ্যে ভারসাম্য রাখতে পারবেন না। তাতে অবশ্য বেশ ক্ষুব্ধ হয়েছিলেন শাকিব আল হাসান। "আমি কি অবসর নিয়েছি? আমি যদি অবসর না নিয়ে থাকি, তাহলে এই প্রশ্ন কোথা থেকে আসে?" প্রশ্ন করেছিলেন তিনি।
সাকিবই একমাত্র, যাঁকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলে তিনটি ফরম্যাটেই একযোগে এক নম্বর অলরাউন্ডার বলে ঘোষণা করেছে।