
শেষ আপডেট: 7 October 2023 18:13
দ্য ওয়াল ব্যুরো: বিশ্বকাপে দারুণ শুরু বাংলাদেশের। তারা ধরমশালার মাঠে মেগা আসরের উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানকে ছয় উইকেটে হারিয়ে অভিযান শুরু করল। খেলার ৯২ বল বাকি থাকতেই শাকিব আল হাসানরা ম্যাচ জিতে নিয়েছেন।
এবার আফগানিস্তান দলের সঙ্গে যুক্ত হয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার অজয় জাদেজা। তিনি দলের মেন্টর হিসেবে এসেও সুবিধে হল না বিশেষ। শাকিব- মিরাজদের দুর্দান্ত বোলিংয়ে ১৫৬ রানে গুটিয়ে যায় আফগানিস্তান। বাংলাদেশ সেই রানই তুলে নেন ৩৪.৪ ওভারে। স্কোরবোর্ডে রান ওঠে ১৫৮/৪।
আফগান ব্যাটারদের কেউ ফিফটিও করতে পারেননি। সর্বোচ্চ ৪৭ রান আসে ওপেনার রহমানুল্লাহ গুরবাজের ব্যাট থেকে। এছাড়া ২২ রান করে করেন ইব্রাহিম জাদরান আর আজমতউল্লাহ ওমরজাই।
মেহেদি হাসান মিরাজ ২৫ রানে তিন উইকেট নেন। পাশাপাশি শাকিব ৩০ রানে নেন তিনটি উইকেট। ৩৪ রানে ২ উইকেট শিকার শরিফুল ইসলামের।
১৫৭ তাড়া করতে নেমে শুরুতে ধাক্কা খেয়েছিল বাংলাদেশও। ২৭ রানের মধ্যে হারিয়ে বসেছিল ২ উইকেট। তবে মেহেদি হাসান মিরাজ আর নাজমুল হোসেন শান্ত মিলে সহজ জয়ের পথ গড়ে দিয়েছেন টাইগারদের। তিন নম্বরে নেমেও সফল মিরাজ। ১৯ রানে দলের প্রথম উইকেট পড়ার পর ক্রিজে এসেছিলেন।
ব্যাটিং বিপর্যয়ে পড়তে দেননি মিরাজ। নাজমুল হোসেন শান্তকে সঙ্গে নিয়ে বাংলাদেশকে সহজ জয়ের পথ গড়ে দেন এই অলরাউন্ডার। তৃতীয় উইকেটে ১২৯ বলে তাঁরা গড়েন ৯৭ রানের জুটি। মিরাজ তুলে নেন ক্যারিয়ারের তৃতীয় ওয়ানডে হাফসেঞ্চুরি। শেষ পর্যন্ত তার ইনিংসটি থামে নাভিন উল হকের বলে রহমত শাহর দুর্দান্ত এক হাতের ক্যাচ হয়ে। ৭৩ বলে ৫ বাউন্ডারিতে ৫৭ করেন মিরাজ।
শাকিব করেন ১৯ রান। তবে শান্ত ওয়ানডে ক্যারিয়ারের ষষ্ঠ হাফসেঞ্চুরি করে নিয়েছেন। দেখেশুনে খেলে ৮০ বলে ফিফটি পূরণ করেন বাঁহাতি এই ব্যাটার। শেষ পর্যন্ত তিনি অপরাজিত থাকেন ৮৩ বলে।