
শেষ আপডেট: 30 December 2023 15:45
দ্য ওয়াল ব্যুরো: ২০২৩ সালের জানুয়ারি মাস, দিল্লির পথে নামেন ভারতীয় কুস্তিগিররা। ভারতীয় কুস্তি ফেডারশনে তৎকালীন সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগে আন্দোলন শুরু করেন বজরং পুনিয়া, সাক্ষী মালিক, ভিনেশ ফোগাটরা। তাঁদের দাবি ছিল, ব্রিজভূষণকে সভাপতি পদ থেকে সরাতে হবে এবং তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তারপর গঙ্গা-যমুনা দিয়ে অনেক জল গড়িয়ে গেছে। কুস্তিগিরদের আন্দোলনের তেজ বেড়েছে, পাল্টা জবাব দেন ব্রিজভূষণও। এই সবকিছুর মধ্যে কোথাও গিয়ে থমকে গেছে ভারতীয় কুস্তি। ভারতের কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের কাছে নতুন করে ফের প্রতিযোগিতা শুরু করার আর্জি জানালেন অলিম্পিক্স পদকজয়ী কুস্তিগির বজরং পুনিয়া।
কুস্তি ফেডারেশনের নির্বাচনকে কেন্দ্র করেও কম নাটক হয়নি। বিজেপি সাংসদ ব্রিজভূষণকে একপ্রকার 'গলা ধাক্কা' দিয়ে সভাপতি পদ থেকে সরানো হয়। কিন্তু সময়ে নির্বাচন না হওয়ায় আন্তর্জাতিক কুস্তি সংস্থাও খুশি ছিল না ভারতীয় কুস্তি ফেডারেশনের ওপর। নির্বাসনে পাঠানো হয় ভারতীয় কুস্তি ফেডারেশনকে। অনেক জটিলতা কাটিয়ে ফেডারশনের নির্বাচন হল বটে। কিন্তু ফল হল কী?
২১ ডিসেম্বর ফেডারশনের নির্বাচন হয়। নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হন ব্রিজভূষণের ঘনিষ্ঠ সঞ্জয় সিং। যদিও নবনির্বাচিত ফেডারেশন বোর্ডের মেয়াদ ছিল মাত্র দু'দিন। নিয়মবহির্ভূত কাজের জন্য গোটা কমিটিকেই বরখাস্ত করে দেয় কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক। যার জেরে ফের অথৈ জলে পড়ে গেল ভারতীয় কুস্তির ভবিষ্যৎ।
ফেডারেশনের সভাপতি বা অন্যান্য পদে সদস্য না থাকলে কোনও ঘরোয়া প্রতিযোগিতা আয়োজন করা সম্ভব নয়। আর তার কারণেই ভারতীয় কুস্তি অনেকটা পিছনে পড়ে যাচ্ছে বলে মনে করছেন বজরং। তিনি বলেন, 'বেশ কয়েকমাস ধরে ভারতে কুস্তির সমস্তরকম কার্যক্রম স্থগিত হয়ে আছে। খেলোয়াড়দের (প্যারিস অলিম্পিক্সের জন্য) প্রস্তুত করার জন্য কোনও ইভেন্ট অনুষ্ঠিত হচ্ছে না।'
पिछले कई महीना से कुश्ती का कामकाज ठप है. न कोई नेशनल हुआ है और न ही खिलाड़ियों को तैयार करने के लिए कैम्प लगे हैं. 7 महीने बाद ओलंपिक खेल भी हैं लेकिन कोई भी ओलंपिक के लिए गंभीर नहीं दिख रहा जबकि पिछले चार ओलंपिक्स में कुश्ती ने लगातार चार मेडल दिए हैं.
— Bajrang Punia ???????? (@BajrangPunia) December 30, 2023
खेल मंत्रालय से निवेदन…
বজরং আরও মনে করিয়ে দেন অলিম্পিক্সের আর মাত্র ৭ মাস বাকি। এখন থেকেই যদি প্রস্ততি শুরু না করা যায়, তবে তা অলিম্পিক্সের মতো আন্তর্জাতিক মঞ্চে ভারতীয় কুস্তিগিররা সমস্যায় পড়তে পারেন। শেষ চার অলিম্পিক্সে ভারতীয় কুস্তিগিররা টানা পদক জিতেছেন, সেই ধারা ধরে রাখা দরকার বলেও মনে করেন বজরং। এরপরই তিনি ভারতের কেন্দ্রীয় ক্রীড়মন্ত্রীকে অনুরোধ করেন, যত দ্রুত সম্ভব কুস্তির যাবতীয় কাজকর্ম শুরু করার।
কুস্তি নিয়ে চলতি আন্দোলনের অন্যতম মুখ বজরং পুনিয়া। তবে সম্প্রতি তিনি পদ্মশ্রী সম্মান ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। নতুন সভাপতি সঞ্জয় সিংয়ের বিরোধিতা করেই পুরস্কার ফেরানোর সিদ্ধান্ত নিয়েছিলেন অলিম্পিক্সে পদকজয়ী এই কুস্তিগির।