বড় টুর্নামেন্টের মধ্যে পর্যাপ্ত বিরতি এবং স্পোর্টস সায়েন্স ও পুনর্বাসনে আরও সহায়তার দাবি করেছেন সাইনা।

সাইনা নেহওয়াল
শেষ আপডেট: 15 March 2026 13:03
দ্য ওয়াল ব্যুরো: ব্যাডমিন্টনের স্কোরিং সিস্টেম বদলে দেওয়ার পরিকল্পনা করছে বিশ্ব ব্যাডমিন্টন ফেডারেশন (BWF)। এখন যে ২১ পয়েন্টের তিন গেমের ফরম্যাটে খেলা হয়, সেটা পালটে ১৫ পয়েন্টের তিন গেমে নামিয়ে আনার প্রস্তাব দেওয়া হয়েছে। আগামী ২৫ এপ্রিল ডেনমার্কের হর্সেন্সে বিডব্লিউএফের বার্ষিক সাধারণ সভায় এই নিয়ে ভোটাভুটি। কিন্তু তার আগে এই রদবদলের বিরুদ্ধে সরব ভারতের অলিম্পিক্স পদকজয়ী তারকা সাইনা নেহওয়াল (Saina Nehwal)।
ঐতিহ্য নষ্ট হবে, চাপ বাড়বে খেলোয়াড়দের
পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে সাইনা বললেন, 'ব্যাডমিন্টনের একটা সমৃদ্ধ ঐতিহ্য আছে। অল ইংল্যান্ড ওপেন (All England Open Badminton Championships) বা বিডব্লিউএফ বিশ্ব চ্যাম্পিয়নশিপের মতো টুর্নামেন্টগুলো সবসময় বিশেষ, কারণ সেখানে সহনশীলতা ও তীব্র লড়াইয়ের পরীক্ষা হয়। যে কোনও ফরম্যাট বদলের আগে খুব সতর্কভাবে ভাবা উচিত!’
বর্তমান ২১ পয়েন্টের সিস্টেম বহু বছর ধরে চলে আসছে, খেলোয়াড়রা সেটায় অভ্যস্ত। সাইনার মতে, নতুন ফরম্যটে র্যালির গুণমান ও প্রতিযোগিতার ভারসাম্য নষ্ট হওয়ার প্রবল আশঙ্কা। তাঁর কথায়, 'শেষ পর্যন্ত মনোযোগ থাকা উচিত ন্যায্য প্রতিযোগিতা ও খেলার মূল চেতনার দিকে।'
ঠাসা ক্যালেন্ডার, ক্লান্ত খেলোয়াড়
ফরম্যাট বদলের পাশাপাশি আন্তর্জাতিক ক্যালেন্ডারের চাপ নিয়েও উদ্বিগ্ন সাইনা। বললেন, 'ব্যাডমিন্টন শারীরিক ও মানসিক দুই দিক থেকেই অত্যন্ত কঠিন খেলা। র্যালি লম্বা, গতি বেশি, প্রায় প্রতি সপ্তাহেই টুর্নামেন্ট। সেরে ওঠার সময় না পেলে চোট ও ক্লান্তি বাড়বে, কেরিয়ার ছোট হয়ে যাবে।' বড় টুর্নামেন্টের মধ্যে পর্যাপ্ত বিরতি এবং স্পোর্টস সায়েন্স ও পুনর্বাসনে আরও সহায়তার দাবি করেছেন তিনি।
উল্লেখ্য, নতুন বিডব্লিউএফ ওয়ার্ল্ড ট্যুর ফরম্যাটেও পরিবর্তন আসছে। পাঁচটি সুপার ১০০০ টুর্নামেন্টে এশিয়া ও ইউরোপে ৪৮ জন একক খেলোয়াড় গ্রুপ পর্বে খেলবেন, তারপর নকআউট। ডাবলসে ৩২ জোড়া সরাসরি নকআউটে। প্রতিটি সুপার ১০০০ টুর্নামেন্ট হবে ১১ দিন ধরে, দুটো উইকেন্ড জুড়ে।