
শেষ আপডেট: 13 October 2023 14:24
দ্য ওয়াল ব্যুরো: ভারতের মাটিতে আইসিসি বিশ্বকাপে পাকিস্তানের খেলতে আসা নিয়ে একসময় বেশ সংশয় দেখা দিয়েছিল। তবে সমস্ত সমস্যা মিটিয়ে বাবর-শাহিনরা এদেশে এসেছেন। দুই দেশের রাজনৈতিক শত্রুতার রেশ ক্রিকেটারদের উপরও পড়বে কিনা, তা নিয়ে বেশ চিন্তায় ছিলেন ক্রিকেটপ্রেমীরা। তবে ওয়াঘার ওপার থেকে খেলোয়াড়রা ভারতে আসার পর চূড়ান্ত আতিথেয়তা পাচ্ছেন। আর এই নিয়েই নাক কুঁচকোচ্ছেন নেটিজেনদের একাংশ। আমদাবাদের ভারত-পাক ম্যাচ বয়কটের ডাকও দিয়েছেন তাঁরা।
পছন্দমাফিক সিনেমা না হলেই একশ্রেণির মানুষ সেটি বয়কটের ডাক দেন। শাহরুখের ‘পাঠান’, আমির খানের ‘লাল সিং চাড্ডা’র মতো বহু ছবিই মুক্তির আগে থেকেই বয়কট গ্যাংয়ের তোপের মুখে পড়েছে। এবার ভারত বনাম পাকিস্তান ম্যাচও বয়কটের ডাক দিলেন তাঁরা। কেন পাকিস্তান টিমের জন্য এমন রাজকীয় অভ্যর্থনা, তাঁদের জন্য এমন কড়া নিরাপত্তার ব্যবস্থা, সেই নিয়েই তাঁদের আপত্তি। নেটিজেনদের একাংশের দাবি, শত্রু দেশের সঙ্গে খেলা তো দূর, তাঁদের এমন আপ্যায়ন করাই উচিত নয়।
আর এই কারণেই তাঁদের তোপের মুখে পড়েছেন বিসিসিআই সচিব জয় শাহ, গায়ক অরিজিৎ সিংরা। সূত্রের খবর, জমকালো উদ্বোধন না হলেও পাকিস্তান ম্যাচের দিন অনুষ্ঠান আয়োজন করছে বিসিসিআই। আর সেখানে পারফর্ম করতে পারেন অরিজিৎ। তাই তাঁদেরকে সমালোচনায় ধুয়ে দিচ্ছেন এই বয়কট গ্যাং। কারণ, মাসখানেক আগে অনন্তনাগে জঙ্গিদের গুলিতে জওয়ানদের মৃত্যু। নেটিজেনদের বক্তব্য, যে দেশের জঙ্গিরা ভারতে ঢুকে সেনাদের খুন করছে, তাদের ক্রিকেটারদের এত অভ্যর্থনা কেন?
আসলে সমস্যা শুরু হয়েছে ভারত ম্যাচ খেলতে পাকিস্তান দল আমদাবাদে পৌঁছনোর পর। বুধবার আমদাবাদের হোটেলে রিজওয়ান, বাবররা যাওয়ার পর রাজকীয় অভ্যর্থনার আয়োজন করা হয়। টিমের প্রত্যেক সদস্যকে উত্তরীয় পরিয়ে বরণ করেন হোটেলের কর্মীরা। সঙ্গে গুজরাতি লোকসঙ্গীতের সঙ্গে শিল্পীদের নাচের আয়োজনও হয়েছিল। সেই ভিডিও ভাইরাল হতেই জয় শাহদের ধুয়ে দিয়েছে বয়কট গ্যাং। পাকিস্তান টিমকে নিয়ে ভারতীয় বোর্ড আদিখ্যেতা করছে বলেও মত নেটিজেনদের।