
বাবর আজমের ব্যাটিং নিয়ে সমালোচনার ঝড়।
শেষ আপডেট: 20 February 2025 11:35
দ্য ওয়াল ব্যুরো: চলতি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচেই পাকিস্তান ক্রিকেট দল ল্যাজে-গোবরে হয়েছে। টুর্নামেন্টের প্রথম ম্যাচে তারা নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে খেলতে নেমেছিল। এই ম্যাচে পাকিস্তান ৬০ রানে হেরে যায়। আর এই পরাজয়ের পর পাক ক্রিকেট সমর্থকদের সিংহভাগ দলের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক বাবর আজমের ব্যাটিংকেই অভিযুক্তের কাঠগড়ায় তুলেছেন।
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, প্রথম ১০ ওভারে পাকিস্তান কিউয়ি বোলারদের ধাক্কা একেবারে সামলাতে পারেনি। একে তো তারা ২২ রান করেছিল। তার উপরে হারিয়েছিল জোড়া উইকেট। সেইসময় বাবর আজম ২৭ বল খেলে করেছিলেন মাত্র ১২ রান। যে উইকেটে উইল ইয়ং এবং টম লেথাম ধামাকাদার শতরান করলেন, সেখানেই বাবরের এমন ব্যাটিং দুরবস্থা দেখে পাকিস্তান ক্রিকেট দলের সমর্থকরা কার্যত হতাশায় ভেঙে পড়েছেন।
ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে। সেখানে দেখা গিয়েছে, পাকিস্তানের এক ক্রিকেট সমর্থক করাচি স্টেডিয়ামে খেলা দেখতে এসেছিলেন। ম্যাচের শেষে তিনি দলের হার দেখে হতাশায় ভেঙে পড়েন। তবে সবথেকে বীতশ্রদ্ধ হয়েছেন বাবর আজমের ব্য়াটিং দেখে। তিনি বলেন, 'বাবর-বাবর করে আমি গলা ফাটিয়ে ফেললাম। কিন্তু, বাবর আজম ঠুক ঠুক করে ব্যাট করেই গেল।' ভিডিওটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
Pakistani fans trolling babar azam in a unique way ????#BabarAzam #ChampionsTrophy2025 pic.twitter.com/zLVlJneYjF
— Bemba Nation (@BembaNation) February 19, 2025
উল্লেখ্য, বাবর আজমের ব্যাটিং নিয়ে এত সমালোচনা হলেও তিনি কিন্তু ওয়ানডে ম্যাচের ৩৫তম হাফসেঞ্চুরি এই ম্যাচেই করলেন। তবে একথাও সত্যি যে জয়ের জন্য ৩২১ রানের টার্গেট তাড়া করতে নেমে বাবর আজমের মতন একজন ক্রিকেটার যে মন্থর গতিতে ব্যাট করলেন, তা পাকিস্তানের জয়ের সম্ভাবনা অনেকটাই কমিয়ে দিয়েছিল। আগামী ২৩ জানুয়ারি (রবিবার) ভারতের বিরুদ্ধে খেলতে নামবে পাকিস্তান। এই ম্যাচের আগে বাবরের ব্যাটিং যে ভারতীয় ক্রিকেট সমর্থকদের স্বস্তিতে রাখবে, তা বলা যেতেই পারে।