
শেষ আপডেট: 15 May 2024 16:30
দ্য ওয়াল ব্যুরো: আন্তর্জাতিক টি ২০ ক্রিকেটে বিরাট কোহলিকে ছাড়িয়ে অনন্য কীর্তি গড়েছেন পাকিস্তানের ক্রিকেটার বাবর আজম। টি ২০ ম্যাচে ৫০ বা পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলায় সবাইকে ছাড়িয়ে গেছেন বাবর। সংক্ষিপ্ত ফরম্যাটের এই ক্রিকেটে ৩৯বার ৫০ বা পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস খেলেছেন পাকিস্তান অধিনায়ক।
আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-২০ ম্যাচে এই রেকর্ড গড়েন বাবর। এই ম্যাচে ৪২ বলে ৭৫ রানের অনবদ্য এক ইনিংস খেলেন তিনি। এতেই ২০ ক্রিকেটে বিশ্বরেকর্ড গড়েন বাবর।
আইরিশদের বিপক্ষে পাকিস্তানের সিরিজ শুরু হওয়ার আগে এই রেকর্ডটি নিজের করে রেখেছিলেন ভারতীয় তারকা ক্রিকেটার কোহলি। সিরিজের প্রথম ম্যাচে হাফসেঞ্চুরি করে কোহলির রেকর্ডে ভাগ বসান বাবর। দ্বিতীয় রান না পেলেও তৃতীয় ম্যাচে এসেই কোহলিকে পেছনে ফেলে দেন পাকিস্তান অধিনায়ক।
আন্তর্জাতিক টি ২০ ক্রিকেটে বাবরের হাফসেঞ্চুরি রয়েছে ৩৬টি। এছাড়া ৩টি হাফসেঞ্চুরিকে সেঞ্চুরির রূপ দিয়েছিলেন তিনি। যে কারণে বাবরের ৫০ বা পঞ্চাশোর্ধ রানের ইনিংস হয়ে দাঁড়িয়েছে ৩৯টি। অপরদিকে কোহলির মোট হাফসেঞ্চুরি ৩৭টি। এর সঙ্গে একটি সেঞ্চুরি আছে ভারতীয় এই টপঅর্ডারের। সে হিসেবে কোহলির পঞ্চাশোর্ধ্ব ইনিংস রয়েছে ৩৮টি।
এই তালিকায় তৃতীয়স্থানে আছেন ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মা। তাঁর মোট হাফসেঞ্চুরির সংখ্যা ৩৪টি।