
পাকিস্তান ক্রিকেট দলের তারকা ব্যাটার বাবর আজম
শেষ আপডেট: 23 February 2025 08:47
দ্য ওয়াল ব্যুরো: ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy 2025) প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমেছিল পাকিস্তান (Pakistan vs New Zealand)। সেই ম্যাচে বাবর আজম (Babar Azam) ৯০ বল খেলে মাত্র ৬৪ রান করেছিলেন। এরপর তাঁকে যথেষ্ট সমালোচনার মুখে পড়তে হয়েছিল।
সেই সমালোচনার রেশ এখনও বর্তমান। এমনকী, ভারত বনাম পাকিস্তান ম্যাচের আগে তাঁকে 'স্বার্থপর' ক্রিকেটারের তকমাও দেওয়া হচ্ছে। অনেকেই বলছেন, বাবর আজম নাকি দলের কথা একেবারেই চিন্তা করেন না। শুধুমাত্র নিজের রেকর্ড ভাল করতে এবং আইসিসি ব়্যাঙ্কিংয়ে টিকে থাকতেই মাঠে নামেন তিনি। পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়কের বিরুদ্ধে বিস্ফোরক তোপ দাগলেন ওই দেশেরই প্রাক্তন ক্রিকেটার দানিশ কানেরিয়া। প্রসঙ্গত, নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তান ব্যাটারদের মধ্যে সর্বাধিক রান বাবরের ব্যাট থেকেই বেরিয়ে আসে।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচটা করাচির ন্যাশনাল স্টেডিয়ামে আয়োজন করা হয়েছিল। এই ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তান জয়ের জন্য় ৩২১ রানের টার্গেট তাড়া করতে নামে। পাকিস্তান ক্রিকেট দলের হয়ে ওপেন করতে নেমেছিলেন বাবর আজম। শেষপর্যন্ত ৭১.১১ স্ট্রাইক রেটে ব্যাট করে তিনি আউট হয়ে যান। দ্বিতীয় ইনিংস শুরু হওয়ার আগে পাকিস্তান ক্রিকেট দলকে ওভার প্রতি ৬.৪২ রান করতে হত। আর বাবর যখন আউট হয়ে যান, সেইসময় সেই ওভার প্রতি রানটাই ছিল ১০.৫০।
ইতিমধ্যে অনেকেই বলতে শুরু করেছেন যে এটাই নাকি বাবর আজমের সবথেকে জঘন্য ওয়ানডে ইনিংস। বাবরের ব্যাটিং দেখে একবারও মনে হয়নি যে তিনি রান তাড়া করার জন্য খেলতে নেমেছেন। চোটের কারণে এমনিতেই দৌড়তে পারছিলেন না ফখর জামান। তাঁর গোড়ালিতে চোট লেগেছিল। কিন্তু, তা সত্ত্বেও বাবর হেলেদুলে ব্যাটিং করেন। ম্যাচের গুরুত্ব মাথায় রেখে তিনি ব্যাট করছিলেন না।
কানেরিয়া বললেন, 'যদি আমরা বাবর আজমকে নিয়ে কথা বলি, তাহলে বলব যে ও নিজের জন্য খেলছিল। যখন গোটা দল চাপের মধ্যে ছিল, সেইসময় ও নিজের রেকর্ড এবং আইসিসি ব়্যাঙ্কিংয়ের কথা ভাবছিল। আমি ফিফটি করেছি, আমি এই মাইলস্টোন অর্জন করেছি, এইসব আর কী! দলকে জেতানোর ইচ্ছেটাই ওর মধ্যে ছিল না।'
এই সমালোচনার পর আজকের ম্যাচে বাবর আজম কেমন পারফরম্যান্স করেন, সেদিকেই সবাই তাকিয়ে থাকবে। গত কয়েকবছর ধরে ক্রিকেটের তিনটে ফরম্যাটেই তিনি যথেষ্ট খারাপ ব্যাটিং করছেন। এমনকী, পাকিস্তানের টেস্ট ক্রিকেট দল থেকেও তাঁকে বাদ দেওয়া হয়েছে। কিন্তু, সীমিত ওভারের ক্রিকেটে এখনও পর্যন্ত সেই পদক্ষেপ গ্রহণ করা হয়নি। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত ভারত-পাকিস্তান ম্যাচে যদি বাবর আজম রান করতে না পারেন, তাহলে ওয়ানডে ক্রিকেট থেকেও তাঁর নাম বাদ পড়তে পারে।