
শেষ আপডেট: 25 January 2024 21:30
দ্য ওয়াল ব্যুরো: অস্ট্রেলিয়ান ওপেনে মহিলাদের ফাইনালে সাক্ষাৎ ঘটছে এরিনা সাবালেঙ্কা ও চিনের ঝেং কিনওয়েনের। শনিবার কার হাতে কাপ ওঠে, সেটাই দেখার বিষয়।
সাবালেঙ্কা বৃহস্পতিবার হারিয়েছেন আমেরিকার ষোড়শী তারকা কোকো গফকে। সাবালেঙ্কার পক্ষে ফল ৭-৬, ৬-২। দুটি সেটেই ঝলক দেখা গিয়েছে বেলারুশের ২৫ বছরের তারকার।
গতবার ইউএস ওপেনে এই কোকোর কাছেই ফাইনালে হার মানেন সাবালেঙ্কা। সেদিন থেকেই মুখিয়ে ছিলেন মধুর প্রতিশোধ নেওয়ার। সেই কাজটিই করলেন নিপুণভাবে। সেরেনা উইলিয়ামসের পরে টানা দ্বিতীয়বার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠলেন সাবালেঙ্কা। ফাইনালে তিনি ফেভারিট হিসেবে শুরু করবেন।
পাশাপাশি চিনের কিনওয়েন হারিয়ে দিয়েছেন অবাছাই ডায়ানা ইয়াসমেস্ত্রাকে। ফাইনালে তিনি পিছিয়ে থেকে শুরু করবেন। সাবালেঙ্কা এই কারণেই ফেভারিট, কারণ মেলবোর্ন পার্কে টানা ১৩টি ম্যাচ জিতে রয়েছেন। দারুণ ফর্মে রয়েছেন। তাঁর কোর্টের মধ্যে গতি, সার্ব বিপক্ষ দলের কাছে আতঙ্কের কারণ হয়ে উঠতে পারে। তবে গ্র্যান্ড স্লামের মঞ্চ একেবারেই পৃথক, সেখানে এগিয়ে না থেকেও বহুক্ষেত্রে খেতাবের নজির রয়েছে।