
শেষ আপডেট: 21 November 2023 17:14
দ্য ওয়াল ব্যুরো: বিশ্বকাপের মধ্যে আলোচনার কেন্দ্র মিচেল মার্শ। অস্ট্রেলীয় এই ক্রিকেটার ফাইনালের আগে ভবিষ্যৎবাণী করেছিলেন, ভারতীয় দল ৫৪ রানে অলআউট হয়ে যাবে। অস্ট্রেলিয়া জিতবে ৩৮৫ রানে।
সেখানেই শেষ নয়, বিশ্বসেরা হওয়ার পরেই ড্রেসিংরুমে বিশ্বজয়ের ট্রফিকে পাদানি করে আরও বিতর্ক সৃষ্টি করেছিলেন মার্শ। সেই নিয়ে এখনও সমালোচনা হচ্ছে। বলা হচ্ছে, সংস্কৃতির ধার দিয়ে যাননি মার্শ।
এবার সাফল্যেও তিনি এক অনন্য দৃষ্টান্ত দেখালেন কামিন্সদের দলের প্রারম্ভিক ব্যাটার। কারণ মিচেলের আগে তাঁর বাবা জিওফ মার্শও ১৯৮৭ সালে বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন।
পিতা-পুত্র হিসেবে বিশ্বকাপ জিতে এক অনন্য নজির গড়লেন মার্শ। অস্ট্রেলিয়ার বর্তমান দলে গুরুত্বপূর্ণ সদস্য মিচেল। তাঁর বাবা জিওফ মার্শও একটা সময় ছিলেন অসি দলের গুরুত্বপূর্ণ সদস্য। দেশের হয়ে ৫০টি টেস্ট এবং ১১৭টি ওয়ানডে খেলেছেন এই ওপেনার।
কাকতালীয় ব্যাপার, পিতা-পুত্র দুজনেরই বিশ্বকাপ জয় ভারতের মাটিতে। ৩৬ বছর আগে কলকাতার ইডেন গার্ডেনসে ইংল্যান্ডকে হারিয়ে ট্রফি উদযাপন করেছিলেন জিওফ মার্শ। সেই দলের নেতা ছিলেন অ্যালান বর্ডার।
পিতা-পুত্রের বিশ্বকাপ জয়ের কীর্তিতে অবশ্য ২০২১ সালেই নাম উঠিয়েছিলেন জিওফ ও মিচেল মার্শ। সেই বছর দুবাইয়ে নিউজিল্যান্ডকে হারিয়ে টি ২০ বিশ্বকাপ জেতে অস্ট্রেলিয়া, মিচেল মার্শ ওই দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন।