
শেষ আপডেট: 6 November 2022 16:17
দ্য ওয়াল ব্যুরো: মুম্বইয়ের বিরুদ্ধে এবারও জয় অধরা থেকে গেল এটিকে মোহনবাগানের (ATK MohunBagan)। এখনও পর্যন্ত আইএসএলে মুম্বই সিটির বিরুদ্ধে একটি জয় পায়নি তারা। এদিনও ড্র করেই মাঠ ছাড়লেন জুয়ান ফার্নান্দোর ছেলেরা। ম্যাচ শেষ হল ২-২ গোলে।
সবে খেলা শুরু হয়েছে। দর্শকেরা তখনও নিজেদের আসনে গুছিয়ে বসতে পারেননি, তার মধ্যেই রেফারি বাজিয়ে দিলেন গোলের হুইসেল। ম্যাচের ৪ মিনিটের মাথায় মুম্বইকে দুরন্ত শটে এগিয়ে দিলেন লালিয়ানজুয়ালা ছাংতে। বক্সের বাইরে থেকে মারা বল গোলপোস্ট ছুঁয়ে বেরিয়ে যায়।
প্রথম থেকেই বাগানের দুর্বল রক্ষণ ভুগিয়েছে। তার মধ্যে নষ্ট হয়েছে দু-তিনটি সুযোগও। ডার্বিতে যে জমাট খেলা ছিল সেটাই যেন মুম্বইয়ের মাটিতে এলোমেলো হয়ে যায়। তবে গোটা প্রথমার্ধে আর একটি বলও জালে গলাতে পারেননি মুম্বইয়ের ফুটবলাররা।
ম্যাচের ৩০ মিনিটের মাথায় পরপর দুটি গোলের সুযোগ আসে বাগানের কাছে। গোল পর্যন্ত গিয়েও সেটা জালে জড়াতে পারেননি বাগানের ফুটবলাররা। ৪১ মিনিটের মাথায় ফের মনবীর সিংয়ের ভুলে গোল নষ্ট। ১-০ গোলে শেষ হয় প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ছন্দে ফেরে মোহনবাগান। হুগো বৌমাস, লিস্টন জনি কালোসো ও কাউকোর মিলিত প্রচেষ্টায় গোল আসে মোহনবাগানের। কিন্তু ৭৬ মিনিটের মাথায় আর গ্রিফিথসের গোলে এগিয়ে যায় মুম্বই। ৮৮ মিনিটে সমতা ফেরে কার্ল ম্যাকহিউর গোলে ড্র করে মোহনবাগান। এবারও হল না। আইএসএলে মোহনবাগানের বিরুদ্ধে অপরাজিতই থেকে গেল মুম্বই। আরব সাগরে তীরে আটকে গেল বাগান শিবির।
মা, দাদু, বোন সহ ৪ জনকে খুন করে কুয়োতে ফেলল নাবালক! হাড়হিম করা ঘটনা ত্রিপুরায়