
শেষ আপডেট: 1 December 2023 14:49
দ্য ওয়াল ব্যুরো: পুলিশকে লক্ষ্য করে মিসাইল ছুড়ে মারার ঘটনা ঘটেছে ইংল্যান্ডের মাঠে।
অ্যাস্টন ভিলা-লেগিয়া ওয়ারশর ম্যাচটিতে কোনও সমস্যা হয়নি। ঠিক সময়ে শুরু হয়েছে। শেষও হয়েছে কোনও ঝামেলা ছাড়াই। কিন্তু খেলা শেষের পরে বার্মিংহামের রাস্তায় তুলকালাম হয়েছে সমর্থকদের মধ্যে। ঘটনার সূত্রপাত মাঠে ঢোকা নিয়ে। পোলিশ ক্লাবের ফ্যানরা জোর করে মাঠে ঢুকতে গেলে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ শুরু হয়ে যায়। মোট ৩৯ জনকে এই ঘটনায় আটক করা হয়েছে।
ওয়েস্ট মিডল্যান্ডসের পুলিশ সংবাদ সংস্থা বিবিসিকে জানিয়েছে, পুলিশ ‘ন্যক্কারজনক ও খুবই বিপজ্জনক’ পরিস্থিতির মুখোমুখি হওয়ার পরে লাঠিচার্জ শুরু করে। ফ্যানরা পাল্টা তাদের দিকে ‘মিসাইল ও ফ্লেয়ার্স’ ছুড়ে মারা হয়। সংঘাতের ঘটনার পর ওয়ারশর কোনও সমর্থককে তাদের দলের খেলা দেখতে মাঠে ঢুকতে দেওয়া হয়নি।
গত অক্টোবরে ওয়ারশ নেদারল্যান্ডসের আলকামারের সঙ্গে খেলতে গেলে সেখানে ডাচ পুলিশের সঙ্গে ঝামেলায় জড়িয়েছিলেন। সেবারও অ্যাস্টন ভিলা গ্যালারিতে ওয়ারশ সমর্থকদের ঢোকার বিষয় নিষেধাজ্ঞা জারি হয়। এবারও সেই একই ঘটনা ঘটল। সেবার মাঠের বাইরে ওই ক্লাবের ফ্যানরা মাঠের বাইরে ঝামেলার সৃষ্টি করে।
এদিন ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ জানিয়েছে, আহত পুলিশদের একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া পুলিশের দুটি ঘোড়া ও কুকুরও এ ঘটনায় আহত হয়।
এক বিবৃতিতে পুলিশ বলেছে, দারুণ একটি সন্ধ্যা কাটানোর কথা ছিল। কিন্তু সেটি হল না ওয়ারশ ফ্যানদের জন্য। এদের গতিবিধি নিয়ন্ত্রণ করা খুবই সমস্যার।
ম্যাচে ৫৮ মিনিটে দেওয়া অ্যালেক্স মোরেনোর গোলে ২-১ ব্যবধানে জেতে অ্যাস্টন ভিলা। এ জয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে ইংলিশ ক্লাবটি।
এদিকে অন্য ম্যাচে ইউরোপা লিগের নকআউট নিশ্চিত করেছে লিভারপুল। অ্যানফিল্ডে অস্ট্রিয়ান ক্লাব লাস্ককে ৪-০ ব্যবধানে হারায়। জুরগেন ক্লপের দলের হয়ে গোলগুলো করেন কোডি গাকপো (২)। অপর দুই গোল মহম্মদ সালাহ ও লুইস দিয়াজের।