দ্য ওয়াল ব্যুরো: বাবর আজমের (Babar Azam) পাকিস্তান (Pakistan) অশ্বমেধের ঘোড়ার মতো ছুটছে। থই খুঁজে পাচ্ছে না অন্যান্য দলগুলি। ভারত, নিউজিল্যান্ডকে হারানোর পরে শুক্রবার টোয়েন্টি ২০ বিশ্বকাপের (T20WorldCup) ম্যাচে আফগানিস্তানকেও পাঁচ উইকেট দুরমুশ করেছে পাক দল। তারা সেমিফাইনালে পৌঁছে গেল অনায়াসেই।
টসে জিতে আফগান দল প্রথমে ব্যাটিং করে তুলেছিল ২০ ওভারে ১৪৭/৬। জবাবে এক ওভার বাকি থাকতেই ১৪৮/৫ করে ম্যাচ জিতে যায় পাক দল। যদিও ম্যাচের শেষদিকে দারুণ নাটকীয় মোড় নিয়েছে। ছয় নম্বরে নেমে আসিফ আলির সাত বলে মারকাটারি ২৫ রানই পাকিস্তানকে জয়ের দোরগোড়ায় নিয়ে গিয়েছে।
একটা সময় টেনশন হয়ে গিয়েছিল এই বুঝি আফগানরা চমক দেখাবে পাক দলকে হারিয়ে। কিন্তু পাক ব্যাটসম্যানরা যে এবার দারুণভাবে তৈরি হয়ে মেগা মঞ্চে এসেছেন, বেশ বোঝা যাচ্ছে। দলনায়ক বাবর আজম (৪৭ বলে ৫১) ভাল খেলার পরে রান পেয়েছেন ফখর জামান (২৫ বলে ৩০)। তারপর হাফিজ ও শোয়েব মালিক ফিরে যাওয়ার পরে দলের হাল ধরেন আসিফ।
আফগান ব্যাটসম্যানরা ব্যর্থই। শুরুর ছয় ব্যাটসম্যান দলকে টানতে পারেননি, একটা সময় ৭৬ রানে ৬ উইকেট পড়ে যায়। তারপর দলনায়ক মহম্মদ নবি (৩৫) ও গুলবাদিন নাইব (৩৫) রুখে না দাঁড়ালে তাদের ভরাডুবি হতো।
সপ্তম উইকেটে দু’জনে ৭১ রানের পার্টনারশিপ গড়েন। শেষ তিন ওভারে ৪৩ রান করেন নবি ও নায়েব। এই দু’ জনের জন্যই আফগানিস্তান ১৪৭ রান তুলতে সক্ষম হয়। শাহিন আফ্রিদি, হ্যারিস রউফ, হাসান আলি ও শাদাব খান একটি করে উইকেট নেন। ২টি উইকেট নেন ইমাদ ওয়াসিম।
পাক দলের শেষদিকে জয়ের দরকার ছিল ১২ বলে ২৪ রান। আফগান পেসার করিমের ১৯ তম ওভারে চারটি বিশাল ছক্কা হাঁকিয়ে পাকিস্তানকে জিতিয়ে দেন আসিফ আলি।