
শেষ আপডেট: 7 October 2023 14:50
দ্য ওয়াল ব্যুরো: এশিয়ান গেমসে ভারত ও ইরানের মধ্যে ফাইনাল ম্যাচ বিতর্কে থমকে গিয়েছে। আদৌ কী হবে কেউ জানে না। বিশ্রী রেফারিং এই কারণে দায়ী। ভারতের পবন কুমার ইরানের বক্সে প্রবেশ করে আক্রমণ করে। সেটিকে অবৈধ ঘোষণা করেন রেফারি।
তাতেই বিতর্কের সূত্রপাত। বলা হয়, ভারতের চার পয়েন্ট কাটা যাবে। ভারতীয় দল দাবি করে, চার পয়েন্ট তাদেরই পাওয়ার কথা। এই নিয়ে নাটক চলেছে বিশ মিনিটের বেশি। ইরান ও ভারতের পয়েন্ট সেইসময় ছিল ২৯-২৯।
এমন টানটান ম্যাচ সাধারণত দেখা যায় না। কবাডিতে তিনবার দুটি দলের পয়েন্ট সমান হয়ে গিয়েছিল। ভারত বারবার এগিয়ে গিয়েও পারছিল না। ইরানের কবাডি তারকারা পয়েন্ট সমান করে ফেলছিলেন।
কবাডির পরিভাষায় এটিকে বলা হয়, অলআউট। তিনবার অলআউটের পরে বিতর্ক শুরু হয়। রেফারিরা অযোগ্য বলেই এমন বিতর্ক হয়েছে। পাড়ার টুর্নামেন্টে এমন হয় না। সেখানে গেমসের মতো আসর।
যাবতীয় সমস্যার মূলে রেফারিরা। কোন নিয়মে এশিয়ান গেমস খেলা হচ্ছে, রেফারিরা জানেন না। তাঁরা দুটি নিয়ম ধরেই এগোচ্ছেন। যখন যে দল প্রতিবাদ জানাচ্ছে, তখন সেদিকে গিয়ে পয়েন্ট দিচ্ছেন রেফারিরা। এমন রেফারিং গেমসের ফাইনালে ভাবাই যায় না।
ভারতের পবন রেডে গিয়েছিলেন। কিন্তু বক্সে গিয়ে ইরানের কাউকে স্পর্শ করেননি। তাতে ভারতের চার পয়েন্ট পাওয়ার কথা। রেফারিরা বলছেন নতুন নিয়মের কথা, তাতে ভারত পেতে পারে এক পয়েন্ট। ইরানও পাবে এক পয়েন্ট। এই নিয়েই চরম নাটক।