
শেষ আপডেট: 1 December 2023 21:38
দ্য ওয়াল ব্যুরো: কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা সিনিয়র দল চ্যাম্পিয়ন হয়েছে। তারা ফাইনালে টানটান লড়াইয়ে হারিয়েছিল ফ্রান্সকে। ঠিক একবছরের মাথায় মেসিদের ভাইরা হার মানল যুব বিশ্বকাপে।
অনূর্ধ্ব ১৭ যুব বিশ্বকাপে আর্জেন্টিনা ফাইনালেও উঠতে পারেনি জার্মানির কাছে হেরে। টাইব্রেকারে তাদের হারতে হয়েছে। এবার তৃতীয় স্থান নির্ধারক ম্যাচেও দুর্বল মালির কাছে হার মানতে হল আর্জেন্টিনা জুনিয়র দলকে।
শুক্রবার ইন্দোনেশিয়ার মানাহান স্টেডিয়ামে তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচে আর্জেন্টিনাকে ৩-০ গোলে হারিয়েছে মালি। ম্যাচের প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়েছিল মালি। ৯ মিনিটে আফ্রিকার দেশটি লিড নেয় ইব্রাহিম দিয়ারার গোলে।
বিরতির বাঁশির আগে ব্যবধান দ্বিগুণ করেন মামাদৌ দুম্বিয়া। বিরতির পর খেলতে নেমে ব্যবধান ৩-০ করতে মাত্র ৩ মিনিট সময় নিয়েছিল মালি। গোল করেন হামিদৌ মাকালৌ।
যুব বিশ্বকাপের শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে জার্মানি ও ফ্রান্স। শনিবার সন্ধ্যায় মানাহান স্টেডিয়ামে হবে ফাইনাল। এই ফাইনালকে অল ইউরোপ ফাইনাল মনে করা হচ্ছে। এর আগে ২০১৭ সালে যুবভারতীতে অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপের ফাইনালেও দুটি ইউরোপের দলের সাক্ষাৎ হয়েছিল স্পেন ও ইংল্যান্ড। সেবার খেতাব পায় ইংল্যান্ড দল। এবার কাদের হাতে কাপ সেটাই দেখার।