
শেষ আপডেট: 15 November 2023 14:21
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চনকে নিয়ে নোংরা মন্তব্যের জেরে অবশেষে ক্ষমা চাইলেন প্রাক্তন পাকিস্তান ক্রিকেটার আবদুল রাজ্জাক। এক ভিডিওবার্তায় তিনি বললেন যে, মুখ ফসকে তিনি অভিনেত্রীর নাম উদাহরণ হিসাবে ব্যবহার করেছিলেন। এই কারণে ঐশ্বর্যের কাছে সর্বসমক্ষে ক্ষমাও চেয়েছেন তিনি।
রাজ্জাক বলেন, ‘আমি আবদুল রাজ্জাক। সোমবার সাংবাদিক বৈঠকে ক্রিকেট নিয়ে কথা হচ্ছিল। খেলোয়াড়দের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে কথা হচ্ছিল। সেইসময় আমি মুখ ফসকে ঐশ্বর্যের কথা বলে ফেলি। তাঁর কাছে আমি ক্ষমা চাইছি। আমার তাঁকে অপমানের কোনও উদ্দেশ্য ছিল না। অন্য কোনও উদাহরণ দেওয়া উচিত ছিল।”
ঐশ্বর্যকে নিয়ে রাজ্জাক কী বলেছিলেন?
বিশ্বকাপে পাকিস্তানের হতাশাজনক পারফরম্যান্স নিয়ে প্রাক্তন এই পাক ক্রিকেটার বলেছিলেন, "পাকিস্তান দলের এই হালের জন্য আমাদের দেশের বোর্ড কর্তারা দায়ী। তাঁরা ভেবেছিলেন ভাল কোচ নিয়োগ করলেই সব সমস্যার সমাধান হয়ে যায়। তা যে নয়, সেটি ভাবা উচিত ছিল। শুধু তাই নয়, কোচ নিয়োগ করলেই যে সবটা হয়ে যাবে তা নয়। তা হলে তো ঐশ্বর্য রাইকে বিয়ে করলেই সন্তানকে দেখতে সুন্দর হবে! সবসময় সেটা হয় কি?"
সোমবার এহেন মন্তব্যের পরই তুমুল সমালোচনার মুখে পড়েন রাজ্জাক। এমনকী শোয়েব আখতার, ওয়াকার ইউনিসদের মতো পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররাও তাঁর মন্তব্য নিয়ে চরম নিন্দা করেন। শুধু তাই নয়, রাজ্জাকের ওই কথা শুনে হাসার জন্য শাহিদ আফ্রিদিকেও একহাত নেন শোয়েব। যদিও শাহিদ আফ্রিদি দাবি করেছেন, তিনি বুঝতে পারেননি যে রাজ্জাক ঠিক কী বলেছিলেন।