
শেষ আপডেট: 6 November 2023 14:19
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ক্রিকেট মহলের একটা অংশ এখনও মনে করে, বিরাট কোহলি পাশে থাকলে অনিল কুম্বলেকে কোচের পদ ছাড়তে হতো না।
বরং কোহলির সঙ্গে বিতর্কের জন্যই সরে গিয়েছেন কুম্বলে, এটাই মনে করে এসেছে ভারতীয় ক্রিকেটের দক্ষিণ লবি। যদিও কোহলি ও কুম্বলের সেই বিবাদ অতীত। ইডেনে কোহলির ইনিংস দেখে অভিভূত ভারতের প্রাক্তন নামী তারকা।
কিংবদন্তি স্পিনার বলেছেন, ‘‘ইডেনে প্রবল গরম ও আদ্রতার মধ্যে বিরাট যে ইনিংস খেলেছে, সেটা আমার দেখা অন্যতম সেরা ইনিংস। কারণ কোহলি যদি সেইসময় দ্রুত রান তুলতে যেত সেক্ষেত্রে দল আরও বিপদে পড়ত। তাই উইকেটে পড়ে থেকে দলের রানকে বাড়াতে পেরেছে।’’
কুম্বলে মনে করেন, ইডেনে ওই গরমের মধ্যে টানা শেষপর্যন্ত খেলে যাওয়া সহজ কথা ছিল না। দারুণ ফিটনেস না থাকলে ওটা সম্ভব ছিল না। বিরাট খুবই ফিটনেস সচেতন ক্রিকেটার, সেইজন্য উইকেটে পড়ে থেকে রান করতে পেরেছে। দল যে বড় রান করতে পেরেছে, সেটিও কোহলি উইকেটে একটা দিক ধরে রেখেছিলেন বলে। তাও জানিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক।
ইডেনে কোহলি ৪৯তম ওয়ান ডে সেঞ্চুরি করে শচীনের রেকর্ড স্পর্শ করেছেন। সেই নিয়ে ভারতের প্রাক্তন কোচ আরও জানান, বিরাটের ওয়ান ডে কেরিয়ার সোনায় মোড়া। দুর্দান্ত সব ইনিংস খেলেছে। আর এবার বেশিরভাগ ম্যাচে বড় ইনিংস খেলছে। আমার তো মনে হয় বিরাট নিজেও দারুণ উপভোগ করছে ব্যাটিং। ৯০ এর ওপরে স্ট্রাইক রেট রেখে খেলে চলেছে। ১৫ বছর ধরে রানের সমান খিদে রয়েছে বলেই বিরাট এত সফল।
ইডেনে বিরাটের ইনিংস নিয়ে কুম্বলে বলেন, ‘‘১২১ বলে হার না মানা ১০১ রান দলের পক্ষে খুব মূল্যবান। এটা হয়তো দৃষ্টিনন্দন নয়। কিন্তু ইডেনের কঠিন পিচে ব্যাট করা সহজ ছিল না। বল কোনও সময় থমকে যাচ্ছিল। আবার কোনও সময় বাউন্স করছিল। তারপরেও উইকেট ছুড়ে দিয়ে আসেনি বিরাট। লড়াকু ক্রিকেটার বলেই সেটি সম্ভব হয়েছে।’’